সেন্ট মার্টিনে খাবার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে খাবার পানির সংকট বেড়েই চলেছে। কিছু স্থানে নলকূপেও পানি উঠছে না। শুকিয়ে যাচ্ছে পুকুর ও খাল-বিলের পানি। খাবার পানির জন্য স্থানীয় লোকজনের পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন পর্যটকেরাও।সরেজমিনে দেখা গেছে, দ্বীপের বেশির ভাগ হোটেল-কটেজ, রেস্তোরাঁ ও বেকারিতে পুকুরের পানিতে ফিটকিরি ব্যবহার করে পরিবেশন করা হচ্ছে। অনেকে ফিটকিরি মেশানো পানি বোতলে ভরেও বিক্রি করছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে দ্বীপের পূর্বপাড়া, উত্তরপাড়া, মাঝেরপাড়া, পশ্চিমপাড়া, কোনারপাড়া, দক্ষিণপাড়া, জেটিঘাট, গলাছিরা, ডেইলপাড়া ও বাজারপাড়া এলাকায় খাবার পানির সংকট বেশি। এসব এলাকার বেশির ভাগ নলকূপ অকেজো হয়ে পড়ে আছে। অধিবাসীরা পুকুরের পানি ফিটকিরি মিশিয়ে ব্যবহার করছেন। সেন্ট মার্টিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী রমজান আলী (৫৫) জানান, হাসপাতাল এলাকায় নলকূপ আছে, কিন্তু পানি ওঠে না। অন্য এলাকার অবস্থাও একই।ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক ফজলুল রহমান ও আলাউদ্দিন বলেন, ‘খাবার পানি নিয়ে সমস্যায় পড়েছি। এখানে খাবার জন্য যেসব পানি রয়েছে তা পানের অযোগ্য। এ অবস্থা জানলে কক্সবাজার থেকে খাবার পানি নিয়ে আসতাম।’টেকনাফ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, সেন্ট মার্টিনে অগভীর নলকূপ রয়েছে ২২৩টি। এর মধ্যে ১৭৭টি অকেজো হয়ে পড়ে আছে। বাকি ৪৬টিতেও সব সময় পানি পাওয়া যায় না। এ ছাড়া দ্বীপে ২৫টি রিংওয়েলের মধ্যে শুকিয়ে গেছে ১১টি। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন বলেন, খাবার পানির সংকট দিন দিন বেড়েই চলেছে। এজন্য স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দ্বীপে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকেরাও দুর্ভোগ পোহাচ্ছেন। দ্বীপে কমপক্ষে আরও ৮০টি অগভীর নলকূপ স্থাপন করা জরুরি।এ প্রসঙ্গে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর হোসেন জানান, চলতি মৌসুমে দ্বীপবাসী ও পর্যটকদের কথা চিন্তা করে পাঁচটি অগভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে আরও নলকূপ বসানো হবে। তা ছাড়া অকেজো নলকূপ মেরামতের জন্য এখন বরাদ্দ নেই।