সেন্ট মার্টিনে জেএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন বি এন ইসলামিক উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কেন্দ্র চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও জনপ্রতিনিধিরা।
সেন্ট মার্টিন টেকনাফ থেকে বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সাগর পাড়ি দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীদের। এ ছাড়া এতে অতিরিক্ত অর্থও ব্যয় হয়। সার্বিক দিক বিবেচনা করে চলতি বছর অনুষ্ঠেয় জেএসসি পরীক্ষার কেন্দ্র চালু করতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। ৭ সেপ্টেম্বর এ চিঠি পাঠানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ প্রথম আলোকে বলেন, ‘দ্বীপের মানুষ অধিকাংশই গরিব। টেকনাফে এসে হোটেলে রাত যাপন করে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার মতো আর্থিক অবস্থা তাদের নেই। এ কারণে বেশির ভাগ শিক্ষার্থীর জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি বিবেচনা করে দ্বীপে জেএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, ১৯৯০ সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
চলতি বছরও ওই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ৫৭ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে। কিন্তু টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিনের দূরত্ব, যাতায়াত ও আর্থিক সমস্যার কথা বিবেচনা করে কেন্দ্রে স্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।