সেন্ট মার্টিনে পর্যটকদের নিয়ে বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুম সামনে রেখে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের ঢল নেমেছে। জেলা সদরের হোটেল ও কটেজগুলোতে আসন খালি নেই। দ্বীপের ১৩টি হোটেলসহ অর্ধশতাধিক কটেজে কোনো আসন খালি না থাকার অজুহাত দেখিয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে পর্যটকেরা অভিযোগ করেন। সেন্ট মার্টিন-ছেঁড়াদিয়া রুটে ২০-২৫ দিন আগেই অগ্রিম ভাড়া হয়েছে বলে স্থানীয় হোটেল ও কটেজ ব্যবসায়ীরা জানিয়েছেন।সূত্র জানায়, দেশি-বিদেশি পর্যটকেরা এসে হোটেল ও কটেজে আসন খালি না পেয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন। সেন্ট মার্টিনে প্রতিদিন পাঁচ-সাত হাজার পযর্টক রাতযাপন করছেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঢাকা ও চট্টগ্রাম থেকে ভ্রমণে আসা পর্যটক মাহমুদুর রহমান ও কবির আহমদ প্রথম আলোকে জানান, গত বছর জনপ্রতি ৫০ টাকায় টিকিট কেটে ট্রলারে করে ছেঁড়াদিয়ায় গিয়েছিলাম। এবার একই ট্রলারের টিকিট কাটতে হয়েছে ১২০ টাকা দিয়ে।সেন্ট মার্টিন-ছেঁড়াদিয়া রুটে যাতায়াতকারী ট্রলারমালিক সমিতির সভাপতি আমির হোসেন অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, প্রতিদিন এ রুটে ২০-৩০টি ট্রলারে করে দুই-তিন হাজার পর্যটক আসা-যাওয়া করলেও জনপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে ১২০ টাকা।সেন্ট মার্টিনে কটেজ ব্যবসায়ীরা আফজল হোসেন ও হোটেল ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, দ্বীপে যাতায়াতের ট্রলার ও জাহাজগুলোতে করে প্রতিদিন বিপুল পরিমাণে দেশি-বিদেশি পর্যটক আসছে। গত বছর এ সময়ে সাতটি জাহাজ চলাচল করলেও চলতি মৌসুমে তিনটি জাহাজ চালু রয়েছে। দ্বীপের খাবার হোটেলের ব্যবসায়ী মোহাম্মদ নাছির উদ্দিন ও মো. ফয়েজ অধিকাংশ মালামাল টেকনাফ থেকে আনার কারণে ব্যবসায়ীরা একটু চড়া দামে বেচা-কেনা করে বলে স্বীকার করেন। সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে আসা ঢাকার ফকিরাপুলের বাসিন্দা জিয়াউল করিম (৩১), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহাগ ও নারায়ণগঞ্জের ব্যবসায়ী ফরহাদ মাসুম (৩৮) ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রলারে করে বেশি ভাড়া, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং হোটেল-কটেজগুলো গলাকাটা বাণিজ্য চালু করেছে। প্রতিটি কক্ষের ভাড়া নেওয়া হচ্ছে এক হাজার থেকে ছয় হাজার ৫০০ টাকা, (যে কক্ষের ভাড়া ৩০০ থেকে দেড় হাজার টাকা হওয়ার কথা ছিল), জনপ্রতি ট্রলারে ভাড়া আদায় করা হচ্ছে ১২০-১৮০ টাকা ও প্রতিটি ট্রলারে ৩০-৪০ জনের ধারণক্ষমতা থাকলেও নেওয়া হচ্ছে ৯০-১২০ জন যাত্রী। এ রুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এলসিটি কুতুবদিয়া ও কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক আব্দুর রহমান ও শাহ আলম বলেন, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়া পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে। জাহাজের ধারণক্ষমতার বাইরে কোনো যাত্রী পরিবহন করা হচ্ছে না। দ্বীপের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ঈদের দিন থেকে দ্বীপে পর্যটকের উপস্থিতি লক্ষণীয়। হোটেল, কটেজ, ইউনিয়ন পরিষদের ভবন, বিদ্যালয় ও স্থানীয় লোকজনের বাসা-বাড়িতে কোনো স্থান না পেয়ে সৈকতপাড় ও জেটিঘাটে পার্কিং পয়েন্টে অনেকে রাতযাপন করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজ, ট্রলার ও হোটেল-কটেজের মালিকপক্ষকে সংশ্লিষ্ট এলাকায় ভাড়ার তালিকা টাঙানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। এ নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফ-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজ ও ট্রলারের ভাড়া নির্ধারণ কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী এ ব্যাপারে কেউ তাঁকে অবগত করেননি বলে জানান।