সেন্ট মার্টিনে পানিসংকট
প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে দুই বছর ধরে। শুকিয়ে যাচ্ছে নলকূপ, পুকুর, অগভীর নলকূপ ও খাল-বিলের পানি। পানির জন্য এখানে আসা দেশি-বিদেশি পর্যটকেরা কষ্ট পাচ্ছেন। সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খান বলেন, ‘নলকূপের পানি এভাবে শুকিয়ে যেতে আগে কখনো দেখিনি।’সরেজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, দ্বীপের অধিকাংশ হোটেল-কটেজ, রেস্তোরাঁ, কুলিং কর্নার ও বেকারিতে পুকুরের পানি পান করানো হচ্ছে। সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা ‘ফিটকিরি’ মেশানো পানি বোতলে ঢুকিয়ে বিক্রি করছেন।এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর থেকে দ্বীপের পূর্বপাড়া, উত্তরপাড়া, মাঝরপাড়া, পশ্চিমপাড়া, কোনারপাড়া, আশ্রয়ণ, দক্ষিণপাড়া, জেটিঘাট, গলাছিরা, ডেইলপাড়া ও বাজারপাড়া এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এসব এলাকার অধিকাংশ নলকূপ, রিংওয়েল ও পুকুরের পানি শুকিয়ে গেছে।গ্রামবাসী বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খাওয়ার পানি খুঁজছে। সাধারণত মাছ ধরা, কৃষিকাজ ও দিনমজুরির কাজে ব্যস্ত থাকা এসব মানুষ এখন কাজে না গিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত পানির জন্যই লাইনে দাঁড়িয়ে থাকে।কোথাও কোথাও ফসলি জমিতে গর্ত করে পানি জমিয়ে সংগ্রহ করা হচ্ছে।এমনিতেই নানা সমস্যার কারণে এলাকার ১০ হাজার মানুষ মানবেতর দিন কাটায়, তার ওপর পানিসংকটের কারণে এই গরমের দিনে এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দিয়েছে।হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়ও একই অবস্থা। সেন্ট মার্টিন হাসপাতালের কর্মচারী রমজান আলী (৫৫) ও আশ্রয়ণ এলাকার বাসিন্দা আবদুস শুকুর (৪৮) ক্ষোভ প্রকাশ করে বলেন, নলকূপ আছে কিন্তু পানি নেই। দুর্ভোগের শেষ নেই।সেন্ট মার্টিনের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন প্রথম আলোকে বলেন, খাবার পানির তীব্র সংকট দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দ্বীপে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। টেকনাফ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জহিরুল হক প্রথম আলোকে বলেন, চলতি মৌসুমে দ্বীপবাসী ও পর্যটকদের কথা চিন্তা করে তিনটি নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে তা বাড়ানো হবে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এইচ এম ইউনুচ জানান, অনাবৃষ্টির কারণে পানির স্তর ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বৃষ্টি হলে অবস্থা স্বাভাবিক হয়ে আসবে। ভূগর্ভস্থ পানি প্রবাহের জন্য খাল খনন ও বৃষ্টির পানি ধরে রাখার জন্য জলাধার সংস্কার করা জরুরি।