সেন্ট মার্টিন সৈকতে পর্যটকদের কাছে বিক্রির জন্য প্রবাল ফেরি করছে এক শিশু। বয়স বড়জোড় ১০ বছর। কাছে ডাকতেই দেখাল ছোট-বড় রকমারি প্রবাল। নাম জানাল হামিদা বেগম। তার প্রবালগুলো দেখার ফাঁকে কাছে এসে দাঁড়ায় একই বয়সী নূর নাহার। দেখায় তার ঝোলায় থাকা প্রবালও। দুজনের ঝোলায় রয়েছে আটটি প্রবাল। কেনার কথা বললে দাম চাইল ছোট প্রবাল ১০০ আর বড়গুলো ২০০ টাকা করে। এটি গত রোববারের চিত্র।হামিদা ও নূর নাহারের মতো দ্বীপে প্রবাল বিক্রেতার সংখ্যা শতাধিক। যেখানে পর্যটকেরা যান সেখানেই প্রবাল বিক্রেতার দেখা মেলে। এমনকি সৈকতের আশপাশের দোকানেও বিক্রি হয় প্রবাল। পর্যটকেরাও উর্যাসাহ নিয়ে কেনেন। ঢাকা থেকে আসা পর্যটক ফরিদুল আলম বলেন, প্রবাল দেখতে খুবই সুন্দর, তাই বাসায় শোপিস হিসেবে রাখার জন্য ৩৫০ টাকায় দুটি প্রবাল কিনেছি।সরেজমিনে দেখা গেছে, সেন্ট মার্টিন দ্বীপের সৈকত এলাকার পাশাপাশি জেটিঘাট, পূর্বপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, কোনারপাড়া, পশ্চিমপাড়া, মাঝরপাড়া, ছেঁড়াদিয়ায় প্রকাশ্যেই নির্বিচারে প্রবাল আহরণ করছে স্থানীয় লোকজন। এসব প্রবাল পর্যটকদের কাছে বিক্রির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় বলে জানা গেছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ী প্রবাল-শৈবাল আহরণের জন্য দাদন দিয়ে আহরণের উর্যাসাহিত করে। স্থানীয় কয়েকজন লোক এ কাজে জড়িত। এঁরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। তবে আগে প্রচুর পরিমাণে প্রবাল-শৈবাল আহরণ করা হলেও এখন দ্বীপের মানুষ সচেতন হচ্ছে।সৈকতের প্রবালবিক্রেতা আমির হোসেন (৩৫) বলেন, ‘আমরা প্রবাল তুলি না। শতকরা ২৫ টাকা হারে কমিশনে বিক্রি করি মাত্র। মালিক আরেকজন।’ পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, উপকূলীয় ও জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রবাল-শৈবাল, শামুক, ঝিনুক, বালু ও পাথর উত্তোলন-বিক্রি নিষিদ্ধ। এলাকাভিত্তিক ১১ সদস্যের চক্রটি শ্রমিক নিয়োগ করে প্রবাল আহরণ করছে। এগুলো আহরণ করে প্রথমে কেয়াবন ও জঙ্গলে নিয়ে বস্তায় ভরে মজুদ করা হয়। এরপর সুযোগ বুঝে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। আহরণকারীদের বাধা দিতে গিয়ে অনেকবার আক্রমণের শিকারও হয়েছেন পরিবেশ অধিদপ্তরের লোকজন। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, প্রবাল সমুদ্রের মাছের অভয়াশ্রম হিসেবে কাজ করে। ছোট মাছ বড় আগ্রসী মাছের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রবালের আশ্রয় নেয়। শৈবাল বালুচর ও ভূমি গঠনে সিমেন্টের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেন্ট মার্টিনে প্রবাল নিধন চলছে নির্বিচারে। তিনি বলেন, প্রবাল-শৈবাল আহরণকারী ১১ সদস্যের চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনে একটি তালিকা জমা দেওয়া হয়েছে। সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘সৈকত এলাকায় ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে চক্রটি প্রবাল-শৈবাল বিক্রি করায়। মূলহোতাদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’