সেন্ট মার্টিনে সৈকত দখল করে শতাধিক দোকান

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সৈকতে রাস্তার এক পাশ দখল করে অবৈধভাবে তৈরি করা হয়েছে শতাধিক দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে শুঁটকি, শামুক-ঝিনুকের পণ্য, কাপড়চোপড় ও রকমারি খাবারদাবার। এদিকে সৈকতে চলাচলের রাস্তা সংকুচিত হয়ে হাঁটাচলায় সমস্যায় পড়ছেন পর্যটকেরা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রতিবেশ সংকটাপন্ন এই দ্বীপের সৈকতে কোনো ধরনের দোকানপাট স্থাপন নিষিদ্ধ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেন্ট মার্টিনের জেটিঘাট এবং সৈকতের পূর্ব, উত্তর ও পশ্চিম দিকে গড়ে উঠেছে দোকানপাট। বাঁশের খুঁটি ও প্লাস্টিকের ছাউনি দেওয়া এসব দোকানে কেনাকাটা করছেন পর্যটকেরা। এ ছাড়া দোকানগুলোর আশপাশও নানা আবর্জনায় ভর্তি। পড়ে আছে চিপস, সিগারেট ও আচারের প্যাকেট, পানির বোতল, ক্যান, ডাবের খোসা এবং মাছের উচ্ছিষ্ট।
পশ্চিম সৈকতের একটি দোকানের মালিক সিরাজুল ইসলাম বলেন, এখন দৈনিক পাঁচ থেকে ছয় হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসছেন। তাঁদের কেনাকাটার সুবিধার্থে দোকান তৈরি করা হয়েছে। দোকান থেকে পর্যটকেরা ডাব, আচার, চিপস, চানাচুর ও পানির বোতল কিনে খাচ্ছেন। তাঁরাই এসব সৈকতে ফেলছেন। কিন্তু আবর্জনা সরানোর কেউ নেই। ফলে এভাবেই পড়ে থাকে।
উত্তর সৈকতের শুঁটকির দোকানদার জিয়াবুল আলম বলেন, তাঁর দোকান থেকে প্রতিদিন ৪০-৫০ হাজার টাকার শুঁটকি বিক্রি হয়। আগামী ৩০ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটকের আগমন ঘটবে। এরপর দোকানটিও ভেঙে ফেলা হবে।
এ প্রসঙ্গে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এই দ্বীপে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের ওপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু লোক জীবিকার স্বার্থে সৈকতের বালিয়াড়িতে ১২১টি দোকানপাট তৈরি করে ব্যবসা করছেন। আয়–রোজগার বন্ধ হলে সমস্যা হবে-তাই এসব দোকানপাট উচ্ছেদ করা যাচ্ছে না।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা জানান, অবৈধ দোকানপাটের পাশাপাশি দ্বীপের সৈকত দখল করে দুই শতাধিক চেয়ার-ছাতা বসিয়ে ব্যবসা করছেন কিছু লোক। তাঁরা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। অথচ সৈকতে ব্যবসা করতে প্রশাসনের অনুমতি লাগে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা থেকে ভ্রমণে আসা পর্যটক জিয়াউর রহমান বলেন, দোকান থেকে নিক্ষেপ করা খাবার ও ভাজা মাছের উচ্ছিষ্ট খেতে গভীর রাত পর্যন্ত সৈকতে বিচরণ করে বেওয়ারিশ কুকুর। সুযোগ পেলে কুকুরের দল পর্যটকদের আক্রমণ করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, পুরো দ্বীপের বেওয়ারিশ কুকুরের সংখ্যা প্রায় ছয় হাজার। গত বছর সাত শতাধিক কুকুর নিধন করা হলেও মানবিক কারণে নিধন বন্ধ রাখা হয়েছে। ময়লা–আবর্জনা খেয়ে কুকুরেরা দ্বীপের পরিবেশ রক্ষা করছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, প্রতিবেশ সংকটাপন্ন এই সমুদ্রসৈকত দখল করে গড়ে ওঠা দোকানপাট শিগগিরই উচ্ছেদ করা হবে। নানা কারণে বেওয়ারিশ কুকুরও নিধন করা যাচ্ছে না।
শরীফুল ইসলাম বলেন, সৈকতের বালিয়াড়ি দখলের ফলে প্রাকৃতিক সবুজ বেষ্টনীর কেয়াবন, নিশিন্দা, গাঙ লতাসহ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে।