সেন্ট মার্টিনে হাসপাতাল আছে, সেবা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ১০ শয্যার হাসপাতালটি রোগীদের কোনো কাজে আসছে না। হাসপাতালে মঞ্জুরিকৃত ১৫ পদের মধ্যে একজন মাত্র চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তিনি প্রায় সময় অনুপস্থিত থাকেন। কারণ, ওই হাসপাতালে রোগীর সেবার জন্য নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ। এমনকি হাসপাতালে পানি ও বিদ্যুৎ নেই। চিকিৎসককে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মচারী। যে কারণে সেবা নিতে দ্বীপের কোনো মানুষ এ হাসপাতালে আসেন না। দ্বীপের সাবেক চেয়ারম্যান ফিরোজ মিয়া খান জানান, প্রতিষ্ঠার পর থেকে গত কয়েক বছর হাসপাতালটি দ্বীপে বসবাসকারী সাত হাজার মানুষের কোনো কাজে আসছে না। এখন পর্যন্ত হাসপাতালে কোনো যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ দেওয়া হয়নি। একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তিনি প্রায় সময় বাইরে ব্যস্ত থাকেন। তিনি জানান, সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে এসে বহু পর্যটক নানা কারণে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এ হাসপাতালে চিকিৎসক না থাকায় ট্রলার ভাড়া করে সাগর পাড়ি দিয়ে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যেতে হয়। স্থানীয় লোকজন জানান, পুরো দ্বীপে সাত হাজার মানুষের বাঁচা-মরা নির্ভর করে দুইজন হাতুড়ে ডাক্তারের ওপর। মুরগি, কবুতর, চাল, পেঁয়াজ ও নগদ টাকায় ওই দুই হাতুড়ে ডাক্তার (যখন যা পান পদ্ধতি) চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন। এতে অপচিকিৎসার শিকার হয়ে অনেকে মারাও যাচ্ছেন। দক্ষিণপাড়ার বাসিন্দা আবদুল নবী (৪৫) জানান, গর্ভবতী কোনো নারীর প্রসববেদনা হলে টেকনাফ হাসপাতালে নিতে ট্রলারের জন্য অপেক্ষা করা, দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাতুড়ে ডাক্তার খোঁজা ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। গত এক মাসে প্রসববেদনায় কষ্ট পেয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন দ্বীপের পাঁচ নারী। অনুসন্ধানে জানা গেছে, ২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার হাসপাতালটি উদ্বোধন করা হয়। এখনো হাসপাতালের জরুরি, ডেন্টাল, গাইনি, সার্জারি ও মেডিসিন বিভাগে কোনো যন্ত্রপাতি স্থাপন করা হয়নি। চার চিকিৎসকসহ ১৫ জনের জনবল নিয়োগের কথা থাকলেও বর্তমানে মেডিকেল কর্মকর্তা পদে শংকরচন্দ্র দেবনাথ ছাড়া আর কেউ নেই। হাসপাতালের পিয়ন থেকে ঝাড়ুদারের সব কাজ তাঁকেই সামলাতে হচ্ছে। আবার কোনো কাজে তিনি দ্বীপের বাইরে থাকলে তখন হাসপাতালটি অরক্ষিত হয়ে পড়ে। শংকরচন্দ্র দেবনাথ বলেন, ‘হাসপাতালের অন্তর্বিভাগ (ইনডোর) চিকিৎসাব্যবস্থা এখনো চালু হয়নি। বহির্বিভাগে (আউটডোর) কিছু রোগী দেখে ওষুধ ও ব্যবস্থাপত্র দিচ্ছি। এতেও মানুষ ক্ষুব্ধ। কারণ হাসপাতালে কোনো ধরনের যন্ত্রপাতি না থাকায় চাহিদামতো সেবা দেওয়া যাচ্ছে না। লোকবলসংকটে হাসপাতালের মূল্যবান জিনিসপত্রও চুরি হচ্ছে। যখন-তখন হাসপাতাল প্রাঙ্গণে গরু-ছাগল ঢুকে পড়ে। এসব তাড়ানোর লোকও নেই।’ নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, সেবা দিতে না পারায় হাসপাতালটি এখন দ্বীপের মানুষের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল আছে কিন্তু সেবার জন্য যন্ত্রপাতি নেই। আবার আলো সরবরাহে জেনারেটর আছে কিন্তু জেনারেটর চালানোর জন্য জ্বালানি তেল বরাদ্দ নেই। আবার বিদ্যুৎ না থাকায় হাসপাতালে পানি সরবরাহও শুরু থেকে বন্ধ রয়েছে।