কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫৩ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন মাত্র দুজন শিক্ষক। বিদ্যালয়ে আটটি পদের মধ্যে প্রধান শিক্ষকসহ ছয়টি পদ দীর্ঘ চার বছর ধরে শূন্য রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে দুজন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। এর মধ্যে একজন শিক্ষককে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হয়। এ কারণে একজন শিক্ষকের ওপরই পাঠদানের দায়িত্ব পড়ে। অবশ্য আবদুল মালেক নামের এক ব্যক্তি বর্তমানে বিনা বেতনে পাঠদান করছেন।
এলাকাবাসী জানান, সেন্ট মার্টিন দ্বীপের শিশুদের শিক্ষার জন্য ১৯৪৮ সালে ৩৭ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শাখায় বিদ্যালয়টিতে বর্তমানে ৫৫৩ শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের দুই শিক্ষক হলেন, এনামুল্লাহ ও মো. রফিক।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল্লাহ জানান, দৈনিক একজন শিক্ষককে ১৫-১৮টি করে পাঠদান করতে হচ্ছে। কর্মরত দুই শিক্ষকের পক্ষে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পড়ানো সম্ভব নয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর শিক্ষক সংকটের কথা স্বীকার করে বলেন, নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কিছুদিন পর অন্যত্র বদলি হয়ে চলে যান বলে এই সংকট কাটছে না।