সেন্ট মার্টিনের তিন-চতুর্থাংশ শিশুই বিদ্যালয়ে যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই চার শিক্ষার্থীর বাড়ি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণপাড়ায়। প্রতিদি​ন পাথুরে প্রবাল সৈকত পাড়ি দিয়ে তাদের যেতে হয় দ্বীপের মধ্যভাগের বিএন ইসলামিক স্কুলে l প্রথম আলো
এই চার শিক্ষার্থীর বাড়ি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণপাড়ায়। প্রতিদি​ন পাথুরে প্রবাল সৈকত পাড়ি দিয়ে তাদের যেতে হয় দ্বীপের মধ্যভাগের বিএন ইসলামিক স্কুলে l প্রথম আলো

সাদা বালি, নীল জল আর প্রবালবেষ্টিত সেন্ট মার্টিন দ্বীপের তিন–চতুর্থাংশ শিশুই বিদ্যালয়ে যায় না। প্রাথমিক ও উচ্চবিদ্যালয় মিলিয়ে দ্বীপে চারটি বিদ্যালয় থাকলেও সেখানে রয়েছে শিক্ষক–সংকট। বাল্যবিবাহের কারণে অনেক মেয়ে শিক্ষার্থী লেখা পড়া শেষ করতে পারে না। পর্যটনের মাধ্যমে এই দ্বীপ প্রতিবছর কোটি টাকা রাজস্ব জোগালেও শিক্ষায় বঞ্চিত থেকে যাচ্ছে এখানকার শিশুরা।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, আট বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপের লোকসংখ্যা প্রায় আট হাজার। লেখাপড়ার উপযোগী শিশুকিশোরের সংখ্যা প্রায় চার হাজার। এর মধ্যে প্রায় এক হাজার শিশু দ্বীপের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করছে। অবশিষ্ট তিন হাজার শিশু-কিশোর শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের মালামাল বহন, প্রবাল শামুক-ঝিনুক ও ডাব বিক্রি, হোটেল–রেস্তোরাঁয় চাকরি এবং সমুদ্রে মাছ আহরণ ও শুঁটকি তৈরির সঙ্গে যুক্ত।
সম্প্রতি সেন্ট মার্টিন ঘুরে দেখা গেছে, প্রবাল পাথর ডিঙিয়ে শিক্ষার্থীরা পড়তে যাচ্ছে দ্বীপের মধ্যভাগে অবস্থিত একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুলে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ২৪৮ জন। এর মধ্যে মেয়ের সংখ্যা ৮৭। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, এই বিদ্যালয় থেকে এবার এসএসসি দিচ্ছে ২১ জন। এর মধ্যে মেয়ে ৯ জন। বিদ্যালয়টি থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল ১৭ জন শিক্ষার্থী। পাস করেছে তিন মেয়েসহ ১১ জন। তবে তাদের অধিকাংশের লেখাপড়া এরপর বন্ধ হয়ে গেছে বলে জানান শিক্ষকেরা।
জানা গেছে, পুরো দ্বীপে রয়েছে তিনটি প্রাথমিক বিদ্যালয়। এগুলো হচ্ছে জিঞ্জিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাপাড়া বেসরকারি প্রাথমিক ও দক্ষিণপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০। সব মিলিয়ে চারটি বিদ্যালয়ে পড়ছে ১ হাজার ৪৮ জন। বিদ্যালয়ের বাইরে থাকা বাকি তিন হাজার শিশু শিক্ষাবঞ্চিত রয়ে গেছে।
সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুলে প্রায় ১৯ বছর ধরে শিক্ষকতা করছেন শিক্ষা মো. শাহজালাল। তিনি ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি জানান, বিদ্যালয়ে শিক্ষকের পদ ১১টি হলেও নিয়োগ দেওয়া হয়েছে সাতজনকে। সাতজনের মধ্যে তিনিই একমাত্র পরিবার নিয়ে দ্বীপে বসবাস করছেন। বাকিরা বাইরে থেকে এসে পাঠদান করেন।
শাহজালাল বলেন, ‘শিক্ষকের যে বেতন, তা দিয়ে কুলোয় না। পর্যটকের উপচে পড়া ভিড়ের কারণে এখানে সবকিছুর দাম বেশি। টেকনাফে যে মাছ কেজি ১৫০ টাকা, সেই মাছ সেন্ট মার্টিনে ৫০০ টাকা। এ কারণে শিক্ষকদের ধরে রাখা যায় না। আমরা চলে গেলে স্কুলটি অচল হয়ে পড়বে।’
বিদ্যালয়ে কোনো বিজ্ঞানশিক্ষক না থাকায় বেশির ভাগ শিক্ষার্থীই মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এ প্রসঙ্গে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী মো. আলম, সায়মা আকতার ও আঁখি আক্তার বলে, ‘বিজ্ঞান বিভাগে পড়ে চিকিৎসক-প্রকৌশলী হওয়ার ইচ্ছা অনেকের। কিন্তু আমাদের কপাল খারাপ। দীর্ঘসময় ধরে বিদ্যালয়ে বিজ্ঞানশিক্ষক নেই। ফলে শিক্ষার্থীদের বাধ্য হয়ে মানবিক কিংবা বাণিজ্য বিভাগে পড়তে হচ্ছে।’
দশম শ্রেণির ছাত্রী মাজেদা বেগম বলে, ‘প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন গড়ে ছয় হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসেন। পর্যটককেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য করে অনেকে কোটিপতি বনে গেলেও দ্বীপের শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিয়ে কারও মাথাব্যথা নেই। আমরা দ্বীপের ছেলেমেয়েরা শিক্ষার ক্ষেত্রে মারাত্মকভাবে পিছিয়ে পড়ছি।’
এ ব্যাপারে সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুর আহমদ বলেন, ইউনিয়নের প্রায় তিন হাজার ছেলেমেয়েকে শিক্ষিত করতে দ্বীপের দক্ষিণপাড়া, পূর্বপাড়া ও ডেইলপাড়ায় আরও তিনটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন জরুরি। না হলে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সফল বাস্তবায়ন এবং বাল্যবিবাহ রোধ কঠিন হয়ে পড়বে।
বাল্যবিবাহ বন্ধে স্মারকলিপি: সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুলের ষষ্ঠ, নবম ও দশম শ্রেণিতে পড়ুয়া তিন শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধের দাবিতে প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দিয়েছে তাদের সহপাঠীরা। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে তিনজন শিক্ষার্থী। এর মধ্যে ১২ মার্চ বিয়ে হচ্ছে নবম শ্রেণির এক ছাত্রীর। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল ভৌমিক জানান, তিন শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দরখাস্ত দিয়েছেন।