সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার উদ্যোগ
সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার। ইতিমধ্যে পুরো দ্বীপকে তিন ভাগ করে কক্সবাজারের উন্নয়নে তৈরি মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দ্বীপের যত্রতত্র অবকাঠামো নির্মাণ বন্ধের পাশাপাশি পর্যটকের অবাধে বিচরণ বন্ধ হবে। রক্ষা পাবে প্রবাল-শৈবাল, শামুক-ঝিনুকসহ জীববৈচিত্র্য। খসড়া মহাপরিকল্পনা অনুযায়ী সেন্ট মার্টিন জেটি থেকে পূর্ব, দক্ষিণ, পশ্চিম ও উত্তরপাড়ার এক হাজার ৩০ দশমিক ৮৪ একর জমি নিয়ে ট্যুরিস্ট জোন তৈরি করা হয়েছে। এখানে আবাসিক এলাকা, সি অ্যাকোরিয়াম, হেলথ জোন, শিক্ষা ও গবেষণা, প্রশাসনিক ও বাণিজ্যিক জোন রাখা হয়েছে। পরিবেশ প্রতিবেশ রক্ষার স্বার্থে এই জোনে হোটেল-মোটেল তৈরির কোনো ব্যবস্থা রাখা হয়নি। পর্যটকদের বিনোদনের জন্য আলাদা জমি রাখা হয়েছে। দ্বীপের দক্ষিণ অংশে তৈরি হবে সংরক্ষিত ইকোট্যুরিজম জোন। এখানে ৯৬১ দশমিক ৫৩ একর জমি নিয়ে তৈরি হবে কাছিমের প্রজনন ক্ষেত্র। আগামী দিনের জন্য খালি রাখা হবে ৩৪৬ দশমিক ৩৮ একর জমি। এখানে থাকবে জলাশয়, বন ও সৈকত এলাকা। তবে পর্যটকদের বিনোদন, রাতযাপন, বাণিজ্যিক, প্রশাসনিক কিছুই থাকবে না। উল্লেখ্য, ২০০১ সালের পরিবেশ আইনে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সেন্ট মার্টিন দ্বীপের মার্টি খুঁড়ে পাথর উত্তোলন, ব্যবহার, বিক্রি, অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। পরিবেশ অধিদপ্তরের টেকনাফ উপজেলা কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, বহিরাগত কিছু প্রভাবশালী ব্যক্তি দ্বীপের প্রতিবেশ সংকটাপন্ন সমুদ্রসৈকত এবং সংলগ্ন এলাকার মাটি খুঁড়ে লাখ লাখ ঘনফুট পাথর দিয়ে নানা অবকাঠামো নির্মাণ করলেও স্থানীয় সাত হাজার অধিবাসী দীর্ঘ পাঁচ বছর ধরে বসতবাড়ি মেরামত ও নির্মাণ করতে পারছেন না। এতে তাঁদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সরকারের উচ্চমহলে প্রস্তাব পাঠিয়েছিলাম, একটি নীতিমালার আওতায় সেন্ট মার্টিনের মানুষকে আধাপাকা টিনের বা গোলপাতার ছাউনিযুক্ত ঘর তৈরির সুযোগ দিতে। এতে স্থানীয় লোকজন মৌসুমের চার মাস তৈরি করা ঘরের একটি বা দুটি কক্ষ পর্যটকদের ভাড়া দিয়ে বিকল্প আয়ের সুযোগ পেত। অন্যদিকে পর্যটকেরাও কম টাকায় পরিবেশবান্ধব ঘরে থেকে পূর্ণ নিরাপত্তায় দ্বীপ ভ্রমণের সুযোগ পেত। কিন্তু প্রস্তাবটি এখনো বাস্তবায়িত হয়নি।’ দেখা গেছে, দ্বীপের সৈকত এলাকাজুড়ে ময়লা-আবর্জনার ছড়াছড়ি। দ্বীপের উত্তর দিকের সৈকত থেকে পশ্চিম দিকের অবকাশ পয়েন্টের বিভিন্ন স্থানের বালু কেটে নেওয়ার দৃশ্য নজরে পড়েছে। সূত্র জানায়, মাত্রাতিরিক্ত পর্যটকের উপস্থিতি এবং পর্যটকের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে সেন্ট মার্টিন দ্বীপের পয়োনিষ্কাশনব্যবস্থা ও আবর্জনা সমস্যা চরম আকার ধারণ করছে। সরকারের অডিট বিভাগ ও পরিবেশ বিশেষজ্ঞদের যৌথ পরিবেশগত নিরীক্ষা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক সভায় সেন্ট মার্টিন দ্বীপ ব্যবস্থাপনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ২৫ দফা সুপারিশ চূড়ান্ত করা হয়। এর মধ্যে রয়েছে, অনিয়ন্ত্রিত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ, ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটকের গমনাগমন নিয়ন্ত্রণ, সরকারের অনুমতি ছাড়া হোটেল-মোটেল-রেস্তোরাঁ নির্মাণ বন্ধ এবং তাতে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ, ভূমির প্রকৃতি পরিবর্তন রোধ, দ্বীপের জমি বহিরাগত ব্যক্তিদের কাছে বিক্রি বা হস্তান্তর সম্পূর্ণ বন্ধ, দ্বীপে গড়ে ওঠা অবৈধ অবকাঠামো উচ্ছেদ, আলোর জন্য শব্দদূষণ করে জেনারেটর চালানো বন্ধ, জাহাজ চলাচলের সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ রাখা, পর্যটকদের সেখানে রাতযাপন নিষিদ্ধ করা, বহিরাগত লোকজনের সমাগমে নানা উৎসব বন্ধ করা ইত্যাদি অন্যতম। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দ্বীপে ১৫৩ প্রজাতির শৈবাল, ১৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ২৪০ প্রজাতির মাছ, ৬৭ প্রজাতির পাখি, ৫৩ প্রজাতির পরিযায়ী পাখি, ২৯ প্রজাতির সরীসৃপসহ নানা জলজ প্রাণীর অস্তিত্ব রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সেন্ট মার্টিনের এসব প্রাণী ধ্বংস করলে অথবা বিধিনিষেধ লঙ্ঘন করলে অনধিক ১০ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে।