সেন্ট যোসেফের বিজ্ঞান ও চিত্রমেলা
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটক পেরিয়ে একটু সামনে যেতেই চোখে পড়ল বেশ কিছু চিত্রকর্ম। একটার সামনে দাঁড়িয়ে দেখছিলাম। পাশ থেকে একজন বলল, ভাইয়া, এটা আমার আঁকা। ওর নাম আবীর এহসান। দশম শ্রেণীর ছাত্র। ওর চিত্রকর্মে নদী আছে, নদীতে আছে পালতোলা নৌযান। আছে গাছপালাঘেরা ছোট বাড়ি আর আছে মুক্তিযোদ্ধা। ‘মুক্তিযুদ্ধ তো তুমি দেখোনি, তাহলে মুক্তিযোদ্ধার ধারণা পেলে কেমন করে?’ এমন প্রশ্নের জবাবে আবীর বলে, ‘আমি জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, হুমায়ূন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প পড়েছি। তা ছাড়া আগুনের পরশমণিসহ মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বেশ কয়েকটি সিনেমা দেখেছি। এসব থেকেই মুক্তিযোদ্ধার ধারণা পেয়েছি।’অন্য একটাতে দেখা গেল, বাংলাদেশের লাল-সবুজ পতাকা, শহর ছেড়ে যাচ্ছে শত শত নারী-পুরুষ, আছে কয়েকজন গেরিলা মুক্তিযোদ্ধা ও ধ্বংসযজ্ঞ। এটি এঁকেছে খন্দকার মাসুদ। তাকে জিজ্ঞেস করলাম, তোমাদের সবার চিত্রকর্মে কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধ আছে, কেন? সে বলল, না ভাইয়া, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতিযোগীদের চিত্রকর্মে মুক্তিযুদ্ধ আছে। কারণ আমাদের জন্য নির্ধারিত থিম: ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা।’ আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য নির্ধারিত থিম: ‘ধনধান্য পুষ্পেভরা আমাদেরই বসুন্ধরা’। প্রায় ৩০০ চিত্রচর্ম উপস্থাপিত হয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক বিজ্ঞান, স্ক্র্যাপবুক ও চিত্রমেলায়। ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত চলেছে এই মেলা। আমরা এখানে স্ক্র্যাপবুক ও চিত্রমেলা নিয়েই কথা বলছি। কার্তিক-অগ্রহায়ণ এ দুই মাস হেমন্তকাল। হেমন্ত ঋতুতে আবহাওয়া খুব ঠান্ডাও না আবার খুব গরমও না। হিম কুয়াশা জালে কার্তিক-অগ্রহায়ণের রৌদ্রোজ্জ্বল আকাশ ধূসর বর্ণ ধারণ করে। হেমন্তকালে ফসলের মাঠ সোনালি ধানে ভরে ওঠে। ...চতুর্থ শ্রেণীর ছাত্র মো. আহনাফ তাহসীদ তার উপস্থাপিত স্ক্র্যাপবুকে এভাবে হেমন্তের কথা লিখেছে। সঙ্গে পেস্ট করে দিয়েছে হেমন্তের একটি আলোকচিত্র। এতে দেখা যায়, কৃষকেরা ফসলের মাঠ থেকে ধান নিয়ে বাড়ি ফিরছেন। বাড়িতে গৃহিণীরা পিঠা বানাচ্ছেন। এভাবে তাহসীদ তার স্ক্র্যাপবুকে বাংলাদেশের সব ঋতু তুলে ধরেছে। তাহসীদ জানায়, এ বছর তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নির্ধারিত থিম: বাংলাদেশের পল্লি প্রকৃতি; সপ্তম ও অষ্টম শ্রেণীর নির্ধারিত থিম: শিশুশ্রম ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হোন; পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর নির্ধারিত থিম: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং নবম ও দশম শ্রেণীর নির্ধারিত থিম: বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত হুমকির মুখে সমগ্র বিশ্ব।ষষ্ঠ শ্রেণীর ছাত্র জুবায়ের হোসেন স্ক্র্যাপবুকে তুলে ধরেছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দশম শ্রেণীর ছাত্র খন্দকার মাহবুবুল হাসান বেশ কয়েকটি রচনা ও আলোকচিত্রের মাধ্যমে উষ্ণতা বৃদ্ধির ফলে বিশ্ব কী ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, তা-ই তুলে ধরেছে। এসব রচনার শিরোনাম, ‘জলবায়ু ও গ্রিনহাউস প্রতিক্রিয়া’, ‘বৃক্ষ সম্পদ উজাড়’, ‘সংকটের মুখে বাংলাদেশ’, ‘জলবায়ু পরিবর্তনে উন্নত দেশের অবস্থান’ ও ‘প্রকৃতির প্রতিশোধ।’এভাবে নির্ধারিত চারটি বিষয়ের ওপর প্রায় ৪০০ শিক্ষার্থী তাদের স্ক্র্যাপবুক উপস্থাপন করেছে।