গার্ডারধসে প্রাণহানির পর কিছুটা থমকে যায় বহদ্দারহাট উড়ালসড়কের কাজ। তবে সব বিপত্তি কাটিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখন কাজ চলছে পুরোদমে। এদিকে দেওয়ানহাট ওভারপাস নির্মাণকাজও শুরু হয়েছে। ফলে এই দুই এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও আশপাশের বাসিন্দাদের। এ নিয়ে দুটি প্রতিবেদন তৈরি করেছেন মিঠুন চৌধুরী
সেপ্টেম্বরে উদ্বোধন বহদ্দারহাট উড়ালসড়ক
নগরে বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্মাণাধীন উড়ালসড়কের কাজ পুরোদমে এগিয়ে চলছে। গার্ডারধসে প্রাণহানির ঘটনার পর কাজ তত্ত্বাবধান করছে সেনাবাহিনী। আগামী আগস্ট মাসে নির্মাণকাজ শেষ হবে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী উড়ালসড়ক উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এরপর এটি গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।চউক সূত্র জানায়, ২০১০ সালের ডিসেম্বরে নগরের বহদ্দারহাট জংশনে উড়ালসড়ক নির্মাণকাজের প্রক্রিয়া শুরু হয়। ২০১১ সালের মার্চ মাসে শুরু হয় নির্মাণকাজ। সে সময়ের ঘোষণা অনুসারে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে উড়ালসড়কটি খুলে দেওয়ার কথা ছিল। ১ দশমিক ৩৩২ কিলোমিটার দীর্ঘ ও ৪৬ ফুট প্রস্থের উড়ালসড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১০৬ কোটি টাকা। প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ছিল মির আকতার-পারিসা এন্টারপ্রাইজ (জেভি)। গার্ডার ভেঙে পড়ার পর উড়াল সড়কের বাকি অংশের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মির আকতার হোসেন লিমিটেড। পুরো কাজ তদারক করছে বাংলাদেশ সেনাবাহিনী। চউকের পক্ষ থেকে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনীর তত্ত্বাবধানে উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। ইতিমধ্যে ২৫টি স্প্যানের সবগুলোর কাজ শেষ। ১৬৮টি গার্ডারের মধ্যে ৩৩টির কাজ বাকি। আগামী আগস্টের মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী উড়ালসড়ক উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।’ ভেঙে পড়া গার্ডারের স্থানে নতুন গার্ডার প্রতিস্থাপনের বিষয়ে জানতে চাইলে মো. ইলিয়াস বলেন, ভেঙে পড়া গার্ডার এখন নতুন করে বানিয়ে তারপর বসাতে হবে। তাই একটু সময় লাগছে।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বহদ্দার পুকুর পাড় এলাকায় উড়াল সড়কের দুই পাশে টিনের সীমানাপ্রাচীর। যে তিনটি গার্ডার ভেঙে পড়েছিল সে স্থান এখনো খালি। নিচে উড়ালসড়কের কিছু প্রয়োজনী সরঞ্জাম রাখা আছে। পাশে বহদ্দার পুকুরের পানি নেই বললেই চলে। সড়ক পুরোপুরি বন্ধ থাকায় স্থানীয়রা পুকুরের ভেতর দিয়েই হেঁটে চলাচল করছেন।এদিকে নির্মাণকাজের জন্য সড়ক বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও এই সড়কে চলাচলকারীদের দুর্ভোগ কমছে না। দেখা গেছে, নগরের বহদ্দারহাট মোড় থেকে হেঁটেই চলাচল করছেন সব বয়সী মানুষ। বহদ্দার পুকুর পাড়, খাজা সড়ক, বলির হাটসহ বিভিন্ন এলাকায় যেতে হলে এখন হেঁটে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। উড়ালসড়কের বহদ্দারহাট মোড়সংলগ্ন অংশে গার্ডার স্থাপনের কাজ চলছে। শিশুসন্তানকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন খাজা সড়কের বাসিন্দা তাসলিমা আক্তার। তিনি বলেন, গত দুই বছর ধরে এই অবস্থা। রাস্তা বন্ধ তাই বহদ্দারহাট পর্যন্ত হেঁটেই যেতে হয়। কেউ অসুস্থ হলে তখন খুব সমস্যা হয়। এভাবে আর কতদিন? চান্দগাঁও থানার মোড় এলাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সৈয়দ জামাল হোসেন বলেন, গার্ডার ভেঙে মানুষের প্রাণ যাওয়ার পর এখন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে ব্যবস্থা নিলে এতগুলো মানুষের প্রাণ যেত না। উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর উড়ালসড়কের বহদ্দার পুকুর পাড় এলাকায় তিনটি গার্ডার ভেঙে পড়ে। এ সময় নির্মাণাধীন উড়ালসড়কের নিচে ভাসমান কয়েকজন সবজি বিক্রেতা ছিলেন। পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন বিভিন্ন বয়সী মানুষ। গার্ডার চাপায় ১২ জন নিহত হন। এর আগে ২০১১ সালের ২৯ জুন উড়ালসড়কের চান্দগাঁও থানার মোড়েও একটি গার্ডার ভেঙে পড়ে। এতে এক রিকশাচালক আহত হন।