সেপ্টেম্বরে চট্টগ্রামে ৭০ শতাংশ বেশি বৃষ্টিপাত
সেপ্টেম্বরে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে ৭০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। একই সময়ে দেশের অন্য ছয়টি বিভাগে বৃষ্টি হয়েছে স্বাভাবিক বা তার চেয়ে কম। তিনটি মৌসুমি নিম্নচাপের কারণে উপকূলীয় চট্টগ্রাম বিভাগে বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি হয় বলে সংশ্লিষ্ট লোকজনের অভিমত। চলতি মাসেও চট্টগ্রামে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ও তিনটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিভাগে সেপ্টেম্বরে ১৬ দিনে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৪০ মিলিমিটার। অথচ স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল ৩১৭ মিলিমিটার। একই মাসে ঢাকায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি হয়, যা স্বাভাবিকের চেয়ে ৪২ শতাংশ কম। একইভাবে সিলেট বিভাগে ২৭ শতাংশ, রাজশাহীতে ৬ শতাংশ, রংপুরে ২৩ শতাংশ ও খুলনায় ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। উপকূলীয় এলাকা হওয়ায় বরিশালে ১১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। জানা গেছে, সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হয়। প্রথম লঘুচাপটি ৪ সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হয় এবং ৬ সেপ্টেম্বর এটি উড়িষ্যা উপকূল অতিক্রম করে। দ্বিতীয় লঘুচাপটি হয় ১১ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। পরদিন এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয় এবং ১৫ সেপ্টেম্বর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। তৃতীয় লঘুচাপটি ২০ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়। ২১ সেপ্টেম্বর লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। ২২ সেপ্টেম্বর সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয় এবং উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। মৌসুমি লঘুচাপ স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় এলাকায় বেশি বৃষ্টিপাত হয় বলে আবহাওয়াবিদেরা জানান। এ প্রসঙ্গে পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল ইসলাম বলেন, ‘মৌসুমি লঘুচাপের কারণে এবং মৌসুমি বায়ু ভরা বর্ষাকালের মতো সক্রিয় থাকায় উপকূলে বেশি বৃষ্টিপাত হয়েছে। ওই মাসে তিনটি লঘুচাপ হয়। এখন মৌসুমি বায়ু অনেকটা দুর্বল অবস্থায় রয়েছে। এ মাসের দ্বিতীয়ার্ধে তা একেবারে বিদায় নেওয়ার কথা রয়েছে।’এদিকে বাংলাদেশ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসেও চট্টগ্রামে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাস দেওয়ার জন্য ২ অক্টোবর ঢাকায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সভা অনুষ্ঠিত হয়। অক্টোবরে চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৮৭ মিলিমিটার। এই সময়ে তা বেড়ে ২০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। একই পূর্বাভাসে অক্টোবরে তিনটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কার কথাও বলা হয়েছে।