সেবনের পাশাপাশি মাদক ব্যবসায় তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক গ্রহণের পাশাপাশি এখন ব্যবসায়ও ঝুঁকে পড়েছেন তরুণেরা। এঁদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। তাঁরা ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল প্রভৃতি মাদক ব্যবসায় সরাসরি জড়িয়ে পড়ছেন। কেউ কেউ বহনকারী হিসেবেও ব্যবহূত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে মাদকদ্রব্যবিরোধী অভিযান থেকে এ চিত্র পাওয়া গেছে। এ সময়ে মাদকসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ৯০ শতাংশই তরুণ। তাঁদের বড় অংশই কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বেশি মাদক নেন বলে জানা গেছে। গত ২৫ ফেব্রুয়ারি নগরের সদরঘাটের একটি রেস্তোরাঁ থেকে ৯০০ ইয়াবা বড়িসহ চার তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ক্রেতা সেজে তাঁদের গ্রেপ্তার করেন অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দীন মোহাম্মদ (১৮), রহমত উল্লাহ (২৮), মো. জাবেদ (১৯) ও মো. সোহানুর রহমান (২৩)। দীন মোহাম্মদ ও সোহানুর নিজেদের কলেজছাত্র হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে তপন কান্তি শর্মা বলেন, ‘তরুণেরা বর্তমানে মাদক নেওয়ার পাশাপাশি মাদকদ্রব্য বেচাকেনায়ও জড়িয়ে পড়ছেন। আমরা সাম্প্রতিক সময়ে এ ধরনের বেশ কয়েকজন তরুণকে গ্রেপ্তার করেছি। তাঁরা কোনো না কোনোভাবে এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন।’ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া যুবকদের বেশির ভাগই কক্সবাজার এলাকার বাসিন্দা। ওই এলাকায় তাঁদের নিয়মিত যাতায়াত আছে বলে জানা গেছে। কক্সাবাজার কিংবা টেকনাফ এলাকা থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম ও ঢাকায় চলে যান তাঁরা। গত ২২ ফেব্রুয়ারি নগরের সিটি গেট এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিন যুবককে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পাহাড়তলী থানার পুলিশ। এই তিন যুবকের বয়স ১৯-২০ বছর। মো. কাদের, জাহাঙ্গীর ও ওসমান নামের তিন যুবক কক্সবাজারের টেকনাফের বাসিন্দা। তাঁরা লেখাপড়া করেন বলে পুলিশকে জানিয়েছেন। গ্রেপ্তারের সময় তিনজনের কাছেই তিনটি পেছনে ঝোলানো স্কুলব্যাগ ছিল। ওই ব্যাগেই ছিল গাঁজা। এ প্রসঙ্গে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ বলেন, ‘কুমিল্লা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে বিক্রির জন্য গাঁজা নিয়ে আসা হচ্ছিল।’এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (মহানগর ও গোয়েন্দা) মো. শওকতুল ইসলাম বলেন, ‘মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই মাদক নেন বেশি। তাঁদের মধ্যে ইয়াবা সেবনের প্রবণতা বেশি। ঢাকাসহ বিভিন্ন স্থানে ইয়াবা কিংবা মাদকদ্রব্য পাচারে জড়িয়ে পড়ছেন তাঁরা। আমাদের অভিযানেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেপ্তার হয়েছেন।’ জানা গেছে, মাদকের টাকা জোগাড় করার জন্য একপর্যায়ে তরুণেরা ইয়াবা বড়ি বিক্রি, গাঁজা পাচার ইত্যাদির সঙ্গে জড়িয়ে পড়েন। মাদকের ক্রেতা ও বিক্রেতার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কমিশন নিয়ে কাজ করেন অনেকে। এদিকে গত ১৫ ফেব্রুয়ারি নগরের পাঁচলাইশ থেকে ২০ ইয়াবা বড়িসহ সরকারি সিটি কলেজের স্নাতকের এক ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিটি কলেজের রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র জাকির হোসেন (২৫) পাঁচলাইশ সুন্নিয়া মাদ্রাসার পেছনে একটি ব্যাচেলর ঘর ভাড়া নিয়ে থাকেন। সেখানে বসেই বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট পৌঁছে দেওয়া ও বিক্রির কাজ করতেন বলে মাদকদ্রব্য অধিদপ্তরের প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি রিয়াজউদ্দিন বাজারের দোকানদার। কলেজছাত্রের স্বীকারোক্তি অনুযায়ী রিয়াজউদ্দিন বাজার থেকে তরুণ ব্যবসায়ী মোরশেদকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে এক হাজার ৬৮০টি ইয়াবা পাওয়া যায়।নগরের বিভিন্ন মাদক নিরাময়কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগই তরুণ। তাঁরা কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এঁদের কেউ কেউ মাদকাসক্ত। অনেকে মাদক হাতবদলের কাজও করেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে মাদক নিরাময়কেন্দ্র আর্কের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সিদ্দিকী ওরফে শামীম বলেন, ‘বেশিরভাগ তরুণ প্রথমে কৌতুহলে মাদক নেন। একপর্যায়ে সেটা নেশায় পরিণত হয়। আবার নেশার টাকা যোগাড়ের জন্য তাঁরা মাদকদ্রব্য হাতবদল কিংবা বেচা-কেনায় জড়িয়ে পড়ে।’