নগরে বেসরকারি অনেক ক্লিনিক (স্বাস্থ্যসেবাকেন্দ্র) রয়েছে। একেক কেন্দ্রে সেবার মান, ধরন ও খরচ একেক রকম। তবে বেশির ভাগ স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানের তুলনায় খরচটা খুব বেশি। এসব কেন্দ্রে যাওয়ার সাধ্য যাঁদের নেই তাঁদের অনেকটা সাশ্রয়ীমূল্যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) পরিচালিত কয়েকটি ক্লিনিক। এরকম তিনটি ক্লিনিকের কথা তুলে ধরা হলো।মমতা ক্লিনিক: লালখান বাজার এলাকার বাঘঘোনা মোড়ের কাছেই আছে মমতা ক্লিনিক। প্রতিদিন বিভিন্ন রকমের প্রায় ২০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এখানে রয়েছে ছানিপড়াসহ বিভিন্ন ধরনের চক্ষুরোগ ও যক্ষ্মা রোগের বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের ব্যবস্থা। রোগীদের সঙ্গে কথা বলে জানা গেল, মমতায় ভালো প্রজনন স্বাস্থ্যসেবা ও শিশু স্বাস্থ্যসেবা দেওয়া হয়। রোগী পারভীন আকতার বলেন, ‘এখানে ভালো চিকিৎসাসেবা দেওয়া হয়। তাই সমস্যা হলে এখানে ছুটে আসি।’ আরজুমান বেগম বলেন, ‘এখানকার চিকিৎসকেরা যত্ন নিয়ে পরীক্ষা করেন এবং সেবা দেন। এখান থেকে চিকিৎসা নিয়ে আমি ও আমার অনাগত সন্তান দুজনই বেশ ভালো আছি।’চিকিৎসকেরা জানান, ক্লিনিকে তিনটি অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার) রয়েছে। সবই আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ। নারী ও শিশু রোগীরাই এখানে বেশি আসে। এখানে ৬০০ টাকায় সাধারণ ও ছয় হাজার টাকায় অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে প্রসব করা হয়। তা ৩০০ টাকায় এমআর ও দেড় হাজার টাকায় ডিএনসি করা হয়ে থাকে।এখানে শিশু পরিচর্যার জন্য রয়েছে আলাদা কক্ষ। গর্ভকালীন ছয়টি পরীক্ষা করা হয় স্বল্পমূল্যে। আলট্রাসনোগ্রাফি করা হয় মাত্র ৩০০ টাকায়। চিকিৎসক সাবরিনা সিদ্দিকী বলেন, ‘এখানকার সব যন্ত্রপাতি আধুনিক। এতে রোগীদের উন্নতমানের চিকিৎসাসেবা দিতে সুবিধা হয়। চিকিৎসকেরা ঠিক সময়ে ক্লিনিকে আসেন। কোনো চিকিৎসাসরঞ্জাম নষ্ট হলে পরিচালনা কর্তৃপক্ষ তা খুব তাড়াতাড়ি মেরামত করে দেন।’ তিনি আরও জানান, ক্লিনিকে ‘রেডকার্ড’ সুবিধা রয়েছে। ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে যে কেউ এ রেডকার্ড এনে বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে পারেন। মেরী স্টোপসনগরের ওআর নিজাম সড়কে আছে আধুনিক মানসম্পন্ন বেসরকারি ক্লিনিক মেরী স্টোপস। এতে রয়েছে স্বল্পমূল্যে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্বসেবা, শিশু স্বাস্থ্যসেবা, যৌনরোগ, রোগ নিরূপণ (প্যাথলজি), জন্মনিয়ন্ত্রণের ইনজেকশনসহ গর্ভবতী মায়েদের সব চিকিৎসা। আছে টাইফয়েড, জলবসন্ত (চিকেন ফক্স), হেপাটাইটিস বি, ইপিআই, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগের টিকার (ভ্যাকসিনেশনের) ব্যবস্থা। এখানে রোগীদের ১০ টাকা দিয়ে একটি সদস্য কার্ড সংগ্রহ করতে হয়। ক্লিনিকের প্রকল্প কর্মকর্তা শাহেদ কামাল বলেন, ‘আমরা ক্লিনিকের প্রতিটি কাজই যত্নসহকারে করতে পারছি। কারণ আমাদের সংস্থা প্রতিটি কাজে আমাদের সহায়তা করছে। বর্তমানে আমরা ক্লিনিকের বাইরে বটতলী, ষোলশহর রেল স্টেশন ও দেওয়ানহাট ওভারব্রিজ এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা দিচ্ছি। এসব জায়গায় চিকিৎসা নিতে রোগীদের মাত্র পাঁচ টাকা দিয়ে একটি সদস্য কার্ড সংগ্রহ করতে হয়।’ মেরী স্টোপসের রোগী চন্দনা চৌধুরী বলেন, ‘এখানে গর্ভবতী মায়েদের বেশ ভালো সেবা দেওয়া হয়। আমি চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছি।’ একই রকম মন্তব্য করেন বিবি আইচ নামে এক গর্ভবতী রোগী। সূর্যের হাসি জামাল খান চেরাগি পাহাড়ের মোড়ে সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকটি পরিচালনা করছে বেসরকারি সংস্থা নিষ্কৃতি। এখানে বিশেষত মা ও শিশুর চিকিৎসাসেবা দেওয়া হয়। পুরুষ রোগীও আসেন, কিন্তু কম। এ ক্লিনিক খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল চারটা। এখানে হতদরিদ্রদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। শিশুদের টিকা দেওয়া হয় রোববার ও বৃহস্পতিবার। গ্রামীণফোন এসএমআইসি কর্মসূচির মাধ্যমে গর্ভবতী মা ও শিশুকে এক বছর পর্যন্ত বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। চট্টগ্রাম শহরে সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক রয়েছে ১৩টি। এর মধ্যে শুধু রাহাত্তারপুলে অবস্থিত ক্লিনিকটিতে সাধারণ ও অস্ত্রোপচার (সিজার) দুই ধরনের প্রসবের ব্যবস্থা আছে। সূর্যের হাসিতে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় ৩০ ভাগ ছাড় দেওয়া হয়। যক্ষ্মা রোগীদের চিকিৎসা হয় বিনা মূল্যে। এখানে সাশ্রয়ী মূল্যে কনডম ও খাওয়ার বড়ি, পরিবার পরিকল্পনা কাউন্সেলিং, ধনুষ্টংকারের টিকা এবং ওষুধ বিক্রি করা হয়। সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকের প্রকল্প পরিচালক রেণুকা আলম বলেন, ‘‘আমাদের ক্লিনিকের সব চিকিৎসক দায়িত্ববান। ক্লিনিকের সব যন্ত্রপাতি উন্নতমানের এবং ইউএসএইড এসব যন্ত্র সরবরাহ করে। আমরা ২০০৮ ও ২০০৯ সালে সরকারের পক্ষ থেকে ‘শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরামর্শ দান সংস্থা’ পুরস্কার পেয়েছি।”এখানে আসা রোগী সানজিদা সুলতানা বলেন, ‘এখানকার চিকিৎসাসেবা নিয়ে আগে উপকৃত হয়েছি বলে বার বার আসি।’