সেবাই যখন পেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি জানেন, বিসিএস পরীক্ষায় চিকিৎসা ক্যাডারেই সবচেয়ে বেশি কর্মকর্তা নিয়োগ হয়? এ ছাড়াও আছে সরকারি-বেসরকারি আরও অনেক সুযোগ। আমেরিকায় আগামী কয়েক বছরে তৈরি হচ্ছে ৪০ হাজার চিকিৎসকের ঘাটতি। ইউএসএমএলই পরীক্ষা দিয়ে সেখানে যাওয়ার সুযোগ আছে। আছে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ।আমাদের দেশে রোগীর তুলনায় এখনো চিকিৎসকের সংখ্যা কম। আপনি চাইলেই এই মহৎ পেশায় আত্মনিয়োগ করতে পারেন। আজ আমরা কথা বলব চিকিৎসা পেশা ও এর সম্ভাবনা নিয়ে।বাংলাদেশে প্রতি চার হাজারজন মানুষের জন্য চিকিৎসক আছেন একজন। আমরা এখন আদর্শচিকিৎসাসেবা দানকারী প্রথম ১০টি দেশের দিকে তাকাব। সেখানে দেখতে পাব, প্রতি ২৫০ জন মানুষের জন্য রয়েছেন একজন চিকিৎসক (তথ্য: strangemaps.worldpress.com/2007/10/17/185-the doctorpatients-maps-of-the-world/)। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে এ পর্যন্ত নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ৫২ হাজার ৯০০-এর কিছু বেশি। এর মধ্যে ১০ হাজারের কিছু বেশি চিকিৎসক আছেন দেশের বাইরে। এ দেশে এখন সক্রিয়ভাবে চিকিৎসা পেশায় জড়িত আছেন ২৯ হাজার ৯০০ চিকিৎসকের কিছু বেশি (তথ্য: বিএমডিসি)। আমাদের দেশে প্রয়োজন আরও অনেক বেশি চিকিৎসকের। আমাদের দেশে এখন যেসংখ্যক চিকিৎসক আছেন, তাঁদের একটা বড় অংশই রয়ে গেছেন শহরকেন্দ্রিক। দরিদ্র অসহায় মানুষ একটু সেবা, একটু সহযোগিতার আশায় পথ চেয়ে আছে। পথ চেয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর মতো একজন মানুষের জন্য। বিনিময়ে তারা তাঁকে দেবে সম্মান আর ভালোবাসা।২.কী ছিল চিকিৎসাবিজ্ঞানের আদিতে? তখন তো ছিল না কোনো চিকিৎসক। ঝাড়ফুঁকই ছিল তখন ভরসা। রোগী হয়তো কিছু বলার চেষ্টা করছে, বৈদ্য তাকে থামিয়ে দিয়ে বলছেন, থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। এ রোগের কারণ পাপ। আপনার পূর্বপুরুষেরা আপনাকে অভিশাপ দিচ্ছে। চিকিৎসাশাস্ত্র তখনো শৈশবে। এরপর কেটে গেল কত যুগ! তত দিনে চিকিৎসাবিজ্ঞানও শক্তি পেয়েছে।যে ‘ওলা বিবি’ এসে কলেরা দিয়ে গ্রামের পর গ্রাম উজাড় করে নিয়ে যেত, সেই ওলা বিবিকে চিকিৎসকেরা এক চিমটি লবণ, এক মুঠ গুড় আর এক গ্লাস পানি দিয়ে আজ বিশ্বছাড়া করে ফেলেন। ওষুধ-সেলাই তো বটেই, এমনকি চিকিৎসকেরা এখন একজন সদ্যমৃত মানুষের হূদযন্ত্র খুলে বসিয়ে দিচ্ছেন আরেকজনের বুকে। বেঁচে যাচ্ছেন মৃত্যুপথযাত্রী মানুষ। মৃত্যুকে এভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছেন চিকিৎসকেরা।‘যাঁদের হাত ধরে জীবনের নতুন অর্থ সৃষ্টি হচ্ছে, যাঁদের স্পর্শে জরা, রোগশোক মৃত্যুর প্রতি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, আমি তাঁদের একজন হতে চাই।’ ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র রনির স্বপ্ন এটা।এ রকম স্বপ্ন দেখা যেতেই পারে। কারণ মানুষ তো তার স্বপ্নের সমানই বড়।আমরা এখানে জোহরা কাজীর জীবনী থেকে একটি অংশের কথা জানাই আপনাদের। মেহেরুন্নেসা মেরীর লেখা অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী বই থেকে বিষয়টি জানতে পারি আমরা।কবি কাজী নজরুল ইসলাম একবার জোহরা বেগম কাজীদের বাড়িতে এলেন বেড়াতে। গল্প-আড্ডায় মুখর হয়েউঠল বাড়ি। কবি একটি হিন্দি কবিতার বই উপহার দিলেন জোহরা কাজীকে। জিজ্ঞেস করলেন, ‘তোমার জীবনের অ্যাম্বিশন কী?’ জোহরা কিছুক্ষণ ভেবে বললেন, ‘আমি মানুষের সেবা করতে চাই।’ জোহরা বেগম মানুষের সেবা করার জন্যই বেছে নিয়েছিলেন চিকিৎসা পেশা।৩.প্রাচীন ভারতে আয়ুর্বেদ, ইউনানি কিংবা ভেষজ পদ্ধতির ধারক-বাহক হেকিম, কবিরাজ-বৈদ্যদের হাত ঘুরে ঘুরে অবশেষে চিকিৎসাসেবা জায়গা করে নেয় শ্বেতশুভ্র অ্যাপ্রনধারী চিকিৎসকদের স্টেথেস্কোপে। ইউরোপের চিকিৎসাবিজ্ঞানে রেনেসাঁর ছোঁয়ায় পৃথিবীর চিজকিৎসাশাস্ত্র অনেকখানি এগিয়ে যায়। ব্রিটিশরা তাদের নিজেদের প্রয়োজনেই ভারত উপমহাদেশে চিকিৎসাশাস্ত্রের আধুনিকায়নে তৎপর হয়। ১৮৩৫ সালে উপমহাদেশের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতায়। ঢাকায় ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত হয় মিটফোর্ড মেকিডেল স্কুল (যা এখন স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ)। ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট মেডিকেল স্কুল। এ স্কুলগুলোই দীর্ঘদিন আমাদের এ অঞ্চলে চিকিৎসক তৈরি করেছে। পরবর্তী সময়ে ১৯৪৬ সালের ১০ জুলাই পূর্ব বাংলার প্রথম মেডিকেল কলেজ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ তার যাত্রা শুরু করে।৪.সেবা যখন অঙ্গীকারে রূপান্তরিত হয়, তখন সে কাজে থাকে ভালোবাসা। এই ভালোবাসার পেছনে ছুটতে গিয়ে ভাবী চিকিৎসকেরা ভারী ভারী বইয়ে মুখ গুঁজে থাকতে পারেন, ওয়ার্ডে ওয়ার্ডে দাঁড়িয়ে থাকতে পারেন ঘণ্টার পর ঘণ্টা, তাঁরা হয়ে উঠতে চান দক্ষ থেকে দক্ষতর। চিকিৎসক জোসেফ হেনরি গ্রিনের মতো, যিনি মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও নিজের পালস মাপলেন। আশপাশের সবার দিকে শূন্যদৃষ্টিতে চেয়ে বললেন, ‘ওটা থেমে গেছে।’ বড় আক্ষেপ তাঁর। তিনি চাইলেও আর পারবেন না মানুষের পালস দেখে চিকিৎসা শুরু করতে।সবাই হেনরি গ্রিনের মতো নিবেদিত হোক, চিকিৎসক দেবী শেঠীর হূদয় দিয়ে প্রতিষ্ঠিত হূদয়ালয়-এর মতো পুরো পৃথিবীটাই হয়ে উঠুক একটি হূদয়ালয়।৫.ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের সঙ্গে কথা বলি। সুমনকে জিজ্ঞেস করি, ‘কোন বিষয়ে উচ্চতর শিক্ষা নিতে চাও?’ সে বলল, শারীরবিদ্যা। জাহিদকে বলি, ‘তুমি কিসের চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখো?’ সে বলল, মানসিক চিকিৎসক। অসীমকে জিজ্ঞেস করেছি, কিসের চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। জবাবে সে মজা করে বলল, ‘সুমন হবে শারীরিক চিকিৎসক, জাহিদ হবে মানসিক চিকিৎসক, তাহলে আমি না হয় মানবিক চিকিৎসকই হই।’ আমরা হো হো করে হেসে উঠলাম তার রসিকতায়। কিন্তু ভেতরে ভেতরে তো আমরা সবাই মানবিক একজন চিকিৎসক হওয়ার স্বপ্নই দেখি।নির্ঝরকে জিজ্ঞেস করি, চিকিৎসাবিজ্ঞানে পড়ার এত আগ্রহ কীভাবে সৃষ্টি হয়েছে? তাঁর মতে, এ পেশায় বিজ্ঞানচর্চার সুযোগ, সম্মান, মানুষের ভালোবাসা, অর্থ—সবকিছুই একটা সুষম পরিমাণে অর্জন করা সম্ভব।মাহাথির মোহাম্মদ, মালয়েশীয়দের স্বপ্নের সিঁড়ির এই স্থপতি ছিলেন তাঁর এলাকার মানুষের প্রিয় এক চিকিৎসক, ভালোবেসে লোকে তাঁকে ডাকত ডাক্তার উমনো। নবীন চিকিৎসকেরা এই মহান মানুষটির মতো স্বপ্ন দেখেন, তাঁরাও চান বাংলাদেশ নামের দেশটিতে যেন বিনা চিকিৎসায় একজন মানুষেরও মৃত্যু না হয়। স্বপ্নটি হয়তো এখনো ধরাছোঁয়ার বাইরে, কিন্তু কোনো একদিন তা বাস্তবে পরিণত হবে না কে বলতে পারে, সে কথা বিপ্লবের প্রসব ব্যথা যে কত তীব্র হয়, তা চে গুয়েভারার চেয়ে কে-ই বা বেশি বুঝবে। চের মতো চিকিৎসকের দূরদৃষ্টিই কিউবায় আজ প্রতি চারজনে একজন চিকিৎসক তৈরি করেছে। জনপ্রিয় সাহিত্যিক বনফুলও একজন চিকিৎসক ছিলেন। আশির দশকে বিশ্বকাপ মাতানো ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় সক্রেটিস এখন ব্যস্ত চিকিৎসক। রোগী দেখতে গিয়ে হয়তো ২০১০-এর বিশ্বকাপের অনেক ম্যাচই মিস করেছেন। গোলবার নয়, তাঁর লক্ষ্য এখন মানবসেবা।রোদ থেকে ফিরে গোসল করবেন না, গোসল করে ফল খাবেন না, ফল খেয়ে জল খাবেন না—এসব খনার চিকিৎসা বচন। এর কিছু সত্য হিসেবে টিকে আছে। আবার অনেক কিছুই টিকে নেই। আজকের যে চিকিৎসা, তার সব হয়তো টিকে থাকবে না। কিন্তু সব সময়ই যে চিকিৎসাটি শুদ্ধতম হয়ে টিকে থাকবে, তার নাম ভালোবাসা। মানুষকে ভালোবেসে চিকিৎসাকে কেবলই পেশা নয়, ব্রত হিসেবে নিতে হবে। অর্থ-খ্যাতির পেছনে ছুটতে হবে না, এর সবই জীবনের অংশ হিসেবে অর্জিত হবে।