সেবাবঞ্চিত দুর্গম এলাকার বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকাগুলোতে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কাজ করতেন ৯৫ জন স্বাস্থ্যকর্মী। এক বছর ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তাঁরা। বেতন-ভাতার পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। ফলে প্রান্তিক মানুষদের চিকিৎসাসেবা দেওয়ার কাজও তাঁরা করতে পারছেন না।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও রাঙামাটি জেলা পরিষদের স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছিল ২০০৮ সালে। বাঘাইছড়ির আটটি ইউনিয়নকে এই স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় আনা হয়েছিল। একজন স্বাস্থ্যকর্মীকে এক থেকে দুটি গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছিল। ৯৫ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ১৩ জন স্বাস্থ্যকর্মীকে আলাদাভাবে ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণও দেওয়া হয়। তাঁরা গর্ভবতী নারীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সন্তানও প্রসব করাতেন।

স্বাস্থ্যকর্মীরা এত দিন উপজেলার বিভিন্ন এলাকার শিশুদের কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ করেছেন। গত বছরের সেপ্টেম্বর মাসে জেলা পরিষদকে প্রকল্পটির দায়িত্বভার বুঝিয়ে দেয় ইউএনডিপি। তখন থেকে স্বাস্থ্যকর্মীদের বেতন–ভাতা বন্ধ রয়েছে। তবে ইউএনডিপির কর্মকর্তারা দাবি করেছেন, ২০১৬ সাল পর্যন্ত সংস্থাটি জেলা পরিষদকে স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা বুঝিয়ে দিয়েছিল।

স্বাস্থ্যকর্মী মিনাকী চাকমা, পূজা চাকমা ও মিতা চাকমা বলেন, ‘চুক্তি অনুযায়ী আমাদের বেতন–ভাতা দেওয়া হয়নি। আমরা ১১ মাস ধরে ওষুধ ও বেতন–ভাতা পাচ্ছি না। চাকরি আছে কি না তা–ও বলা হচ্ছে না। ইউএনডিপি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ওষুধ ও বেতন-ভাতা পাওয়ার কথা আমাদের। জেলা পরিষদ ও সিভিল সার্জন কার্যালয় থেকে কোনো কিছু না বলায় আমরা কোথাও যেতে পারছি না। ফলে কর্মীরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবন-যাপন করছেন। ওষুধ সরবরাহ চালু থাকলে এখনো চিকিৎসাসেবা দেওয়া যেত।’

ইউএনডিপির জেলা মনিটরিং কর্মকর্তা (ডিএমও) ওমং প্রু মারমা বলেন, ‘প্রকল্প চলাকালে দুর্গম এলাকার চিকিৎসাসেবা বঞ্চিতদের বেশি প্রাধান্য দেওয়া হতো। গ্রামপর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা জন্য ইউএনডিপি জেলা পরিষদকে সাহায্য করেছে মাত্র। গত বছরের সেপ্টেম্বর মাসে আমাদের প্রকল্প মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার পর আমরা জেলা পরিষদকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। ২০১৬ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের বেতন–ভাতার টাকাও বুঝিয়ে দেওয়া হয়।’

সাজেকের চামুকছড়ি গ্রামের বিনয় বিহারী চাকমা ও তুইছুই গ্রামের অরুণ ত্রিপুরা বলেন, ‘আমরা আগে প্রাথমিক চিকিৎসা ঘরে বসেই পেতাম। কিন্তু দীর্ঘ এক বছর ধরে কোনো ওষুধ কিংবা চিকিৎসাসেবা পাইনি। এ বছর শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক বড়িও দেওয়া হয়নি। অন্যান্য বছর এসব ওষুধ স্বাস্থ্যকর্মীরই িশশুদের খাইয়েছেন। এখন ঘণ্টার পর ঘণ্টা হেঁটে ও গাড়িতে করে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খিসা প্রথম আলোকে বলেন, উপজেলার ৯৫ জন স্বাস্থ্যকর্মী উপজেলার দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। স্বাস্থ্যকর্মীদের রাজস্ব কিংবা উন্নয়ন খাত থেকে বেতন-ভাতা দেওয়া হলে দুর্গম এলাকার লোকজন চিকিৎসাসেবা পাবেন। এ বিষয়ে জেলা পরিষদকে স্বাস্থ্য বিভাগ থেকে সুপারিশ করা হয়েছে।

জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, ‘জেলা পরিষদ স্বাস্থ্যকর্মীদের নিয়োগ দিয়েছে ঠিকই, তবে এতে আর্থিক সহযোগিতা দিয়েছে ইউএনডিপি। তাদের টাকা শেষ হওয়ায় আমরা স্বাস্থ্যকর্মীদের বেতন দিতে পারছি না। স্বাস্থ্যকর্মীদের নিয়মিত বেতন দেওয়ার জন্য জেলা পরিষদের আলাদা কোনো বরাদ্দ নেই। স্বাস্থ্য বিভাগ থেকে দেওয়া সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’