‘মানবসেবাই হচ্ছে আমাদের মূলমন্ত্র। সমাজ আর দেশের সেবা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এ লক্ষ্যে পৌঁছানোর জন্য ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের অবদান অনস্বীকার্য।’ নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্কে এ মন্তব্য করেন চতুর্থ বর্ষের ইশতি।দন্ত বিষয়ে আধুনিক শিক্ষাদান ও রোগীদের উন্নত সেবা প্রদানের উদ্দেশ্যে ১৯৬১ সালে এ প্রতিষ্ঠান স্থাপন করা হয়। এ প্রতিষ্ঠান দীর্ঘ ৫১ বছর ধরে নীরবে চিকিৎসা শিক্ষা দিয়ে আসছে। ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে এর ক্যাম্পাস মিরপুর ১৪ নম্বরে অবস্থিত। ‘এখানে আন্তর্জাতিক মানের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। ২০০ শয্যার হাসপাতালও রয়েছে, যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রায় বিনা মূল্যে রোগীদের সেবা দিয়ে থাকে। আমাদেরকে ভবিষ্যতে যোগ্য চিকিৎসক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে আমাদের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম অনেক সময় নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার।’ এ মন্তব্য শিক্ষার্থী সাকিফের।তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজু বলেন, ‘এ কলেজের প্রধান বিশেষত্ব হলো, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সরকারি ডেন্টাল কলেজ। আমাদের ক্যাম্পাসে রয়েছে ক্যাম্পাস রেডিও। আমাদের ক্যাম্পাসকে আমরা সম্পূর্ণ মাদকমুক্ত ক্যাম্পাস বলে ঘোষণা করেছি।’ মাহতাব বলেন, ‘এখানে নিয়মিত সৃজনশীল ও সামাজিক কল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়। ক্রীড়ানুষ্ঠান করা হয়। প্রতিবছর দেশের বাইরে আমরা শিক্ষাসফর করি। আমাদের পড়ালেখার পাশাপাশি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। এতে আমাদের লেখাপড়ার একঘেয়েমি কাটে।’আদর্শ ডেন্টাল স্পেশালিস্ট হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হন। এখানে ছেলেদের জন্য দুটি আবাসিক হোস্টেল, আর মেয়েদের জন্য একটি হোস্টেল রয়েছে। আমাদের কলেজে শিক্ষার্থীদের প্রায় ৬০ ভাগ মেয়ে। অথচ মেয়েদের জন্য আবাসিক হোস্টেল মাত্র একটি এবং এর আসনসংখ্যা খুব সীমিত। তাই মেয়েদের জন্য দ্রুত একটি হোস্টেল চালু করা দরকার। ’এ বক্তব্য দেন তৃতীয় বর্ষের সোমা।কলেজের অধ্যক্ষ এস এম ইকবাল হোসেন বলেন, এখানের শিক্ষাব্যবস্থা অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের। এ প্রতিষ্ঠানের ফলাফল খুবই ভালো। আর এর পেছনের বড় হাতিয়ার হলো, প্রতিষ্ঠানের সুশৃঙ্খল নিয়মকানুন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা।