মাত্র সাত বছর বয়সে রণদা প্রসাদ সাহা তাঁর মাকে হারান। প্রসবকালে বিনা চিকিৎসায় মা কুমুদিনী দেবীর মৃত্যু বালক রণদার মনে দাগ কাটে। আর কাউকে যেন বিনা চিকিৎসায় মরতে না হয়, তাই বড় হয়ে নিজের গ্রামে প্রয়াত মায়ের নামে প্রতিষ্ঠা করেন ‘কুমুদিনী হাসপাতাল’। ১৯৪৪ সালে ২০ শয্যা নিয়ে যাত্রা শুরু হলেও অল্প দিনেই ৭৫০ শয্যার একটি আধুনিক হাসপাতালে পরিণত হয়। দীর্ঘ ৫৭ বছর আর্ত-মানুষের সেবা দেওয়া কুমুদিনী হাসপাতাল শুধু চিকিৎসাসেবার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়নি। তাই ২০০১ সালের ৪ জুন রণদা প্রসাদ সাহার নাতি রাজিব প্রসাদ সাহার হাত ধরে হাসপাতাল ক্যাম্পাসে যাত্রা শুরু হয় ‘কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ’। উদ্দেশ্য শুধু চিকিৎসাসেবা নয়, ভালো মানবিক গুণসম্পন্ন চিকিৎসক তৈরি করা। হাসপাতালের মতো মেডিকেল কলেজেরও খুব অল্প সময়েই চারদিকে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও মেয়েরা আসছেন ডাক্তারি পড়তে। ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তরে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সদরে কুমুদিনী হাসপাতালের অবস্থান। আর এই হাসপাতালের ক্যাম্পাসেই কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ। সুন্দর, পরিচ্ছন্ন, সাজানো-গোছানো ক্যাম্পাস যে কাউকেই আকৃষ্ট করবে। সম্পূর্ণ আবাসিক এই মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষে ৭৬ জন বিদেশিসহ ৫৫২ জন শিক্ষার্থী লেখাপড়া করছেন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম জানালেন, এই মেডিকেল কলেজে রয়েছে লেখাপড়ার সুন্দর পরিবেশ। বিপি হল, জে হল, ব্যারিস্টার শওকত আলী হল নামের তিনটি অত্যাধুনিক লেকচার গ্যালারি রয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে আছে বিশাল একটি হাসপাতাল, মেডিকেল শিক্ষার জন্য যা অত্যাবশ্যকীয়। দেশের অনেক বেসরকারি তো বটেই, অনেক সরকারি মেডিকেলের শিক্ষার্থীরাও এত বড় হাসপাতালে কাজ করার সুযোগ কম পেয়ে থাকেন। ফলে এই মেডিকেলের শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অনেক বেশি হয়।সম্পূর্ণ আবাসিক এই মেডিকেল কলেজে জয়া ভবন, বিজয়া ভবন, অমিয়বালা ভবন নামে তিনটি হোস্টেল রয়েছে। এসব হোস্টেলে বর্তমানে ৬৩২ জন শিক্ষার্থী অবস্থান করছেন। এই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল এখানকার পরিবেশ সম্পর্কে তাঁদের আত্মতৃপ্তির কথা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদা আক্তারের বাড়ি ঢাকার আশুলিয়ায়। উত্তরা মাইলস্টোন কলেজ থেকে পাস করে এখানে ভর্তি হয়েছেন তিনি। ঢাকায় এত বেসরকারি মেডিকেল কলেজ থাকতে এখানে কেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অভিভাবকেরা খোঁজখবর নিয়ে জেনেছেন এখানে লেখাপড়া ভালো হয়। এখানকার পরিবেশও চমৎকার। তাই এখানে ভর্তি করিয়েছেন। জয়পুরহাট থেকে আসা শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, কুমুদিনীর মতো সুন্দর ও নিরাপদ পরিবেশ দেশের আর কোনো মেডিকেল কলেজে আছে বলে আমার জানা নেই। তাই এখানে এসেছি। নাটোরের মেয়ে বর্ণা দাম বলেন, এখানে পারিবারিক পরিবেশে লেখাপড়ার সুযোগ রয়েছে। পুরো ক্যাম্পাসই যেন একটি পরিবার। কুমিল্লার মেয়ে হিমি আক্তার ও ঢাকার মেয়ে হালিমা আক্তার বলেন, লেখাপড়ার পাশাপাশি এখানে নিয়মিত সংস্কৃতির চর্চা হয়। শিক্ষাসফরসহ পাঠ্যপুস্তকের বাইরেও অনেক কিছু শেখার সুযোগ রয়েছে এখানে। কুমুদিনী মেডিকেলের সুনাম শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। প্রতিবছর ভারত, নেপাল থেকে শিক্ষার্থীরা এসে ভর্তি হচ্ছেন এখানে। বর্তমানে বিভিন্ন বর্ষে ৭৬ জন শিক্ষার্থী লেখাপড়া করছেন। তাঁদের মধ্যে নেপালের ৬০ জন, ভারতের কাশ্মীরের ১৫ জন ও পশ্চিমবঙ্গের একজন। প্রথম বর্ষের শিক্ষার্থী নেপারের সুভ্রতা পক্সরেল ও শোভা পাউডেল বলেন, কুমুদিনী মেডিকেলে ভালো লেখাপড়া হয় এবং এখানকার পরিবেশ খুব ভালো। তাই নেপালের শিক্ষার্থীদের কাছে এর সুনাম ছড়িয়ে পড়েছে। নেপালের অনেক শিক্ষার্থীই এখানে আসতে আগ্রহী। কুমুদিনী হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দার জানালেন, কুমুদিনী মেডিকেলে বিডিএস কোর্স চালুর অনুমতি পেয়েছে। চলতি শিক্ষাবর্ষে এ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। তা ছাড়া গাইনি, অর্থোপেডিকস, শিশুরোগসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।