সেবার পথে যাত্রা
চোখে চশমা, গায়ে অ্যাপ্রোন, গলায় ঝোলানো স্টেথস্কোপ। খুব চেনা চেনা মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওঁরা মেডিকেলের শিক্ষার্থী। রূপা, প্রিয়াংকা, অনিকা, পার্থ, বিপাশা—পাঁচ বন্ধু, সহপাঠীও। পড়ছেন বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ মুহূর্তে ক্লাস নেই, তাই মেতেছেন আড্ডায়। আসুন, আমরাও শরিক হই তাঁদের আসরে।‘কেমন আছেন?’‘বে-শ আছি’ (সমস্বরে)।‘মেডিকেলের পড়াশোনায় তো অনেক চাপ...’‘সে কথা আর বলতে! সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টানা ক্লাস। আবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ওয়ার্ড ডিউটি। মাঝের সময়টুকু কোন ফাঁকে যে পার হয়ে যায়, টেরই পাই না।’‘তার মানে পড়াশোনার বাইরে আর কোনো জগৎ নেই।’‘কে বলল নেই? এই যে রূপাকে দেখছেন, আমাদের প্রতিদিন সকালে ঘুম ভাঙে রূপার রেওয়াজ শুনে। ও নিয়মিত গানের চর্চা করে। আর ওই যে বিপাশা, ক্যাম্পাসের যেকোনো প্রোগ্রামে ওর একক নৃত্য তো অবধারিত।’‘কিন্তু নিজের কথাটা বলছিস না যে!’ প্রিয়াংকাকে খোঁচা দিয়ে অনিকা বললেন, ‘ও কিন্তু খুব ভালো অভিনয় করে।’নিজের প্রশংসা শুনে যেন একটু বিব্রত হলেন প্রিয়াংকা। ‘না না, তেমন ভালো পারি না, একটু-আধটু চেষ্টা করি আর কি।’খানিক পর প্রিয়াংকার দল ফিরিঙ্গির মোড় ছেড়ে ছুটলেন ক্যানটিনের দিকে। এখনই লাঞ্চ না করলে ক্যানটিনের সব খাবার ফুরিয়েযাবে যে!এরপর আমরাও পুরো ক্যাম্পাস এক চক্কর ঘুরে দেখতে মনস্থির করি। শহীদ মিনার চত্বরে এসে পরিচয় হয় নেপালের উথাপ্পা আর আমাদের খাগড়াছড়ির সজীব চাকমার সঙ্গে। তাঁরা দুজনই তৃতীয় বর্ষের শিক্ষার্থী। একদিন পরই ক্লাস টিউটরিয়াল, তাই লাঞ্চ সেরেই বসে পড়েছেন গ্রুপ স্টাডিতে।ওদিকে ক্লাস করিডর ধরে দ্রুত হেঁটে আসছিলেন চিশতি। ব্যস্ততার কারণ জিজ্ঞেস করতেই জানালেন, ‘বন্ধুর মা অসুস্থ, রক্ত প্রয়োজন, তাই সন্ধানীতে যাচ্ছি।’ আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত চোখের আড়াল হন চিশতি।আমরা পায়ে পায়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করি। সাজানো-গোছানো ক্যাম্পাসটা আমাদের মুগ্ধ হতে বাধ্য করে। শেষে মূল ফটকের সামনে আসতেই সাক্ষাৎ ঘটে উৎস, আরজু ও টুম্পার সঙ্গে। ‘আজ বৃহস্পতিবার, তাই বান্ধবীরা মিলে শপিংয়ে যাচ্ছি। শুক্রবার যেহেতু ক্লাস থাকে না, পড়াশোনার চাপও থাকে না, তাই বৃহস্পতিবার বিকেলেই আমরা শপিংয়ে বের হই।’ বলছিলেন উৎস। টুম্পা আবার ঢাকার মেয়ে। কেমন লাগে বগুড়া শহর? টুম্পা বলেন, ‘অনেক গোছালো আর পরিচ্ছন্ন শহর।’ আর চট্টগ্রামের সাগরকন্যা আরজু কী বলেন? ‘আমার প্রথম প্রেম আমার ক্যাম্পাস আর দ্বিতীয় প্রেম বগুড়ার দই।’ আরজুর কথায় তিন বন্ধু হাসতে হাসতে লুটিয়ে পড়েন।তাঁরা সবাই ভবিষ্যতের চিকিৎসক। তাঁদের হাসি আর আড্ডার আড়ালে লুকিয়ে আছে কঠিন এক শপথ। সে শপথের নাম মানবসেবা। ‘দোয়া করবেন মানবসেবার সেই শপথ থেকে আমরা যেন কোনো দিন পিছপা না হই।’ বলছিলেন এই হবু চিকিৎসকেরা।