চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান আগের চেয়ে বাড়লেও পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি রয়েছে। হাসপাতালে দুপুর ১২টার সময় চিকিৎসককে দেখানোর জন্য গেলেও তাঁকে পাওয়া যায়নি। এ ছাড়া নার্স-কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়েরও অভিযোগ আছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সেবাগ্রহীতারা হাসপাতালটির সেবা নিয়ে এমন মন্তব্য করেন। ২১ সেপ্টেম্বর দুপুরে এই মতবিনিময় সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মোহাম্মদ বশিরুল আলম, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ছাবের, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খান, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও গবেষণা সংস্থা আইসিডিডিআরবির ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম।
সনাক সদস্য জিয়া উদ্দিনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন চকরিয়া সনাকের সহসভাপতি হুরে জন্নাত এবং কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেন। পরে হাসপাতালের সেবাগ্রহীতারা সেবার মান নিয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন। বক্তব্য দেন সেবাগ্রহীতা মিজানুর রহমান, রেজোয়ান আহমেদ ও মোহাম্মদ আবির।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের উত্তর দেন। তিনি বলেন, পাঁচ লক্ষাধিক জনসংখ্যার একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালে রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করা হয়।
সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘সেবাগ্রহীতাদের কাছ থেকে যেসব অভিযোগ এসেছে, তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের যন্ত্রপাতিসংক্রান্ত সমস্যা নিয়ে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। কিছুদিনের মধ্যেই এসব সমস্যার সমাধান হবে।’