সেবার মান বাড়ানো এখন প্রথম অগ্রাধিকার
সম্প্রতি ‘এশিয়ার ৬৯টি বন্দরের তুলনামূলক দক্ষতা মূল্যায়ন’ শীর্ষক এক গবেষণায় উৎপাদন দক্ষতায় চট্টগ্রাম বন্দরের ১ নম্বর অবস্থানের চিত্র উঠে আসে। এই গবেষণাকর্মটি করেন যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিভাগের শিক্ষক গুরচরণ সিংহ এবং মালয়েশিয়ার মালয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশীলা মুনিস্বামী। কোন মানদণ্ড এবং বিশ্লেষণের পদ্ধতি ব্যবহার করে চট্টগ্রাম বন্দরকে শীর্ষস্থান দেওয়া হলো তা জানতে ই-মেইলে যোগাযোগ করা হয় ওই দুই গবেষকের সঙ্গে। পাঠানো প্রশ্নের ভিত্তিতে গত ২০ ও ৩০ জুন প্রথম আলোর কাছে ই-মেইলে জবাব পাঠান গুরচরণ সিং। একই বিষয় নিয়ে গত রোববার নিজ কার্যালয়ে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলামের সঙ্গে কথা বলেছেন মাসুদ মিলাদপ্রথম আলো: গুরচরণ সিং ও মুনিস্বামীর গবেষণাকর্মে দক্ষতায় এশিয়ার মধ্যে চট্টগ্রাম বন্দর শীর্ষ অবস্থানে উঠে আসার বিষয়কে কীভাবে দেখছেন?আনওয়ারুল ইসলাম: বন্দরে জেটি, ইয়ার্ড, যন্ত্রপাতি অর্থাৎ অবকাঠামোর সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার তুলনায় কনটেইনার ওঠানামার হার বেশি। বন্দরের জনবল, শ্রমিক, ব্যবহারকারী সবার উদ্দেশ্য একটাই—আরও ভালো করতে হবে। এই গবেষণা তারই প্রতিফলন। এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক।প্রথম আলো: কম সম্পদ ব্যবহার করে বেশি কনটেইনার ওঠানামার এই কৃতিত্ব কার? আনওয়ারুল ইসলাম: বন্দরের নিজস্ব জনবল, শ্রমিক, বেসরকারি ডিপো, মেইন লাইন অপারেটর, বার্থ অপারেটর, শিপিং এজেন্টসহ ব্যবহারকারী সবার সমন্বিত উদ্যোগের ওপর বন্দরের দক্ষতা নির্ভর করে। সংগত কারণে এই কৃতিত্ব সবার। কৃতিত্বের ভাগীদারও এসব সংস্থার সকলে। প্রথম আলো: এই গবেষণায় শুধু দক্ষতার একটি সূচক ব্যবহার হয়েছে। বন্দরের সেবার মান ও ব্যবহারকারীদের সন্তুষ্টির বিষয়গুলো আসেনি। ব্যবহারকারীদের অভিযোগ, গত কয়েক মাসে সেবার মান বাড়লেও এখনো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তাঁরা। বন্দরের সেবার মান কোন পর্যায়ে আছে বলে আপনি মনে করেন?আনওয়ারুল ইসলাম: সেবার কোনো সীমা-পরিসীমা নেই। এটি আপেক্ষিক বিষয়। এখানে সনাতন পদ্ধতির কাজ বেশি হচ্ছে—এই বিষয়টিও দেখতে হবে। তবে আমরা বন্দরের সেবার মান বাড়ানোর ওপর অগ্রাধিকার দিচ্ছি। যেমন, কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল বেসরকারি ব্যবস্থাপনায় চালু হলে সেবার মান আরও বাড়বে বলে আমাদের মনে হয়। এ ছাড়া ভালো সেবা পেতে হলে ব্যবহারকারীদেরও এগিয়ে আসতে হবে। কারণ এখন সব প্রক্রিয়া শেষ করে আমদানি কনটেইনার সরবরাহ নিতে গড়ে সাড়ে ১০ দিন সময় লাগছে। ব্যবহারকারীরা উদ্যোগী এটা সাড়ে তিন দিনে নামিয়ে আনা যায় সহজেই। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে মাত্র ১৫ মিনিটেই সব প্রক্রিয়া শেষ করা হয়। তাহলে কনটেইনার নিয়ে যেতে ১০ দিন লাগবে কেন? প্রথম আলো: গত বছর মাঝামাঝি সময়ে বন্দর পরিস্থিতির অবনতিশীল ছিল, গত ছয় মাসে বন্দরের অনেক সূচকের অগ্রগতি হয়েছে। তবুও জাহাজের গড় অবস্থান এখন তিন দিনের মতো। কনটেইনারের গড় অবস্থানও বেশি। বন্দরের এসব সূচকের অগ্রগতির জন্য কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে? আনওয়ারুল ইসলাম: জাহাজের গড় অবস্থান ও কনটেইনারের ডুয়েল টাইম কমানোর জন্য আমরা ব্যবহারকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছি। এসব সূচকের অগ্রগতির জন্য ব্যবহারকারীদের ভূমিকা বেশি। অনেক সময় জাহাজ থেকে কনটেইনার খালাসের পরও যথাসময়ে রপ্তানি কনটেইনার না আসায় বোঝাই করা সম্ভব হয় না। আবার বিভিন্ন পয়েন্ট থেকে কনটেইনার বোঝাই করতে সময় লাগে। তবে স্বয়ংক্রিয় পদ্ধতি এবং নিউমুরিং কনটেইনার পুরোদমে চালু হলে জোয়ার-ভাটার সীমাবদ্ধতা সত্ত্বেও জাহাজের গড় অবস্থান দুই দিনের নিচে নেমে আসবে।প্রথম আলো: চট্টগ্রাম বন্দর তুলনামূলক দুর্বল অবকাঠামোয় বেশি কনটেইনার ওঠানামা করছে বলে গবেষণায় উঠে এসেছে। কিন্তু যেভাবে কনটেইনার ওঠানামার হার বাড়ছে তাতে এই বাড়তি কনটেইনার ওঠানামার প্রস্তুতি আছে কি?আনওয়ারুল ইসলাম: গত জানুয়ারি মাসে আমরা এক লাখ ৪০ হাজার কনটেইনার ওঠানামা করেছি। অর্থাৎ বছরে প্রায় ১৭ লাখের বেশি কনটেইনার ওঠানামা করা যাবে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে। তবে কনটেইনার ওঠানামা এবং সরবরাহের প্রক্রিয়া গতিশীল করতে কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এনসিটি টার্মিনাল চালুর পর প্রস্তাবিত কেসিটি (কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল) নির্মাণপ্রক্রিয়া শুরু হবে। নৌ-পথে কনটেইনার পরিবহনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এখন আমাদের হাতে যেসব বড় প্রকল্প আছে, সেগুলো শেষ করতে পারলে কনটেইনার ওঠানামার হার বাড়লেও আগামী ১৫ বছরেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।