কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সেবিকা সংকটে ব্যাহত হচ্ছে চিকৎসাসেবা। হাসপাতালে সেবক-সেবিকার ১৬টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র তিনজন। পর্যাপ্ত সংখ্যক সেবক-সেবিকা নিয়োগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা হলেও কোনো সাড়া নেই।
হাসপাতাল সূত্র জানায়, উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্যকেন্দ্রটি ২০০৮ সালের ৯ নভেম্বর ৫০ শয্যায় উন্নীত হয়। এরপর জনবল আর বাড়েনি। বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি হাসপাতাল সামলাচ্ছেন হেনা পারভীন, মুন্নি দেব, কাজলী বড়ুয়া নামের তিন সেবিকা। এদিকে সেবক না থাকায় সেবিকাদের বহির্বিভাগেও দায়িত্ব পালন করতে হয়। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ২১জন চিকিৎসকের মধ্যে আছেন ১৪ জন। এর মধ্যেও সার্জন আনিসুর রহমান কক্সবাজার সদর হাসপাতালে ও ডেন্টাল সার্জন তানজিনা আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজে দুই বছর ধরে প্রেষণে আছেন।
১৭ এপ্রিল স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুরুষ ও মহিলা ওয়ার্ডে ৪৪ জন রোগী ভর্তি আছে। তার মধ্যে ৩২ জনই শিশু। তখন দুই ওয়ার্ডের জন্য আছেন একজন সেবিকা। ভর্তি হওয়া অধিকাংশ রোগী ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাদের ইনজেকশন ও স্যালাইন দিতে হচ্ছিল। কর্মরত একজন সেবিকা দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন।
সেবিকা হেনা পারভিন বলেন, ‘গত দুই বছর ধরে কঠিন পরিস্থিতি পার করছি। একদিন পর পর নৈশকালীন দায়িত্বও পালন করতে হচ্ছে। ছুটিও নিতে পারছি না। মাঝেমধ্যে রোগী সংখ্যা অনেক বেড়ে যায়, তখন কষ্টের শেষ থাকে না। রোগী সামাল দেব, নাকি তাদের অভিযোগ শুনব বুঝতে পারি না।’ তিনি আরও বলেন, ‘যন্ত্রেরও বিশ্রাম আছে। আমাদের তাও নেই।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, টেকনাফের জনসংখ্যা প্রায় তিন লাখ। তাদের চিকিৎসার ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ তিন লাখ মানুষকে সেবা দিতে আছেন মাত্র তিনজন সেবিকা। পাশাপাশি হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার সাড়ে ছয় বছরেও আসবাবপত্র ও যন্ত্রপাতি বরাদ্দ না পাওয়ায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা জানান, সেবিকার শূন্য পদের তালিকা প্রতি মাসেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। কিন্তু কাউকে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে না।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) এনামুল হক বলেন, ‘সেবিকার সমস্যা আমাদের প্রধান সমস্যা। এখানে রোগীর চাপ থাকায় সেবিকাদের অধিকাংশ সময় দিন-রাত দায়িত্ব পালন করতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, ‘আমরা বিষয়টি সিভিল সার্জনকে একাধিবার জানিয়েছি। কিন্তু এর ফল তো পাওয়া যাচ্ছে না।’