সেভৎলানা কারানিনা যেন বিমান নিয়ে খেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান নিয়ে আকাশের নানারকম কসরত অনেকেই দেখে থাকবেন। এই কসরত দেখাতে লাগে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে দক্ষতা অর্জন করে বিমানচালকেরা নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নেন। আর বিমান নিয়ে আকাশে নানা কসরত দেখানোর এক প্রতিযোগিতা হলো ফেডারেশন অ্যারোনটিক ইন্টারন্যাশনাল (এফএআই) ওয়ার্ল্ড অ্যারোবেটিক চ্যাম্পিয়নশিপ। সেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন রুশ নারী বিমানচালক সেভৎলানা কারানিনা। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় একমাত্র প্রতিযোগী হিসেবে এতবার চ্যাম্পিয়ন হওয়া প্রথম ব্যক্তি সেভৎলানা।পাশাপাশি ওয়ার্ল্ড এয়ার গেমসে দুবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। এককভাবেই শুধু নয়, যৌথভাবেও একাধিক পুরস্কার রয়েছে তাঁর। আরও দুই সহযোগী মিখাইল মামিস্তভ ও আলেগ স্পোলিয়ানস্কিসহ ১৬তম এফএআই ইউরোপিয়ান অ্যারোবেটিক চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন। ১৯৬৮ সালে কাজাখস্তানের শুচিনস্কে জন্ম সেভৎলানার। কালুগা অ্যারোনটিক্যাল কারিগরি বিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে ১৯৮৮ সালে প্রথম তিনি আকাশে ওড়েন। ছোটবেলার স্বপ্ন আর প্রতিযোগিতায় একাধিক পুরস্কার পাওয়াটা উপভোগ করেন সেভৎলানা। কাজের স্বীকৃতিস্বরূপ এফএআই থেকে বিশেষ ডিপ্লোমা ও এফএআই বিশেষ সেঞ্চুরি পদকও জিতেছেন তিনি। বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে মস্কোতে বসবাস করছেন কৃতী এই নারী বিমানচালক।তথ্যসূত্র: উইকিপিডিয়া, স্কোপওয়েব, এফএআই