সেমাই খেজুরসহ ভেজাল পণ্য বিক্রি হচ্ছে সীতাকুণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাটবাজারে পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে অবাধে বিক্রি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই, খেজুর, মসলাসহ বিভিন্ন ভেজাল পণ্য। গত সপ্তাহে চারটি বাজারের ২০টি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করলেও ভেজাল পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ছোট-বড় ৩৫টি হাটবাজার রয়েছে। এসব হাটবাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের সেমাই, খেজুর এবং হলুদ, মরিচ, জিরাসহ ভেজাল মসলা বিক্রি করছেন। এ ছাড়া ইফতারির জিলাপি, পেঁয়াজু ও বেগুনিতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রং। এ জন্য উপজেলায় ভেজালবিরোধী অভিযান পরিচালনায় প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগী ব্যক্তিরা। উপজেলার বড়দারোগারহাট, মোহন্তেরহাট, শুকলালহাট, বাড়বকুণ্ড বাজার, মিরেরহাট, কুমিরাহাট, বাঁশবাড়িয়া বাজার, ভাটিয়ারী বাজার, দক্ষিণ ফকিরহাটসহ বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পোস্তদানার মধ্যে সুজি, মরিচে ইটের গুঁড়া, হলুদের গুঁড়ায় রং মেশানো আটা ও ময়দা, সয়াবিনে পাম অয়েল এবং ছোলার ডালের সঙ্গে খেসারি ডালের গুঁড়া মিশিয়ে বেসন হিসেবে বিক্রি হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কুমিরা বাজারের এক ব্যবসায়ী জানান, শাহী জিলাপি, পেঁয়াজু, বেগুনিতে জাফরান জাতীয় রং মেশানো হয়। এগুলো মেশালে ওইসব খাবার দেখতে সুন্দর হয়। এতে ক্রেতারা আকৃষ্ট হয়। মোহন্তেরহাটে আসা সেমাই ক্রেতা মোতালেব হোসেন জানান, ‘ভেজাল ছাড়া আসল জিনিস পাওয়া বড়ই কঠিন। ভেজালের ভিড়ে আসল এখন উধাও হয়ে গেছে। তাই হাতের কাছে যা পাচ্ছি তাই কিনতে বাধ্য হচ্ছি।’ আরেক ক্রেতা সুজাউদ্দিন বলেন, ‘একশ্রেণীর লোভী ব্যবসায়ী সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চলেছেন। তাঁরা সেমাই, খেজুর ছাড়াও মরিচ-মসলায় ভেজাল মিশিয়ে ক্রেতা ঠকাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের উদাসীনতা দায়ী।’ প্রতিটি বাজারেই নিম্নমানের প্রতি কেজি লাচ্ছা সেমাই ৫০ থেকে ৬০ টাকা এবং খেজুর ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের লাচ্ছা সেমাইয়ের কেজি ৭০ থেকে ৭৫ টাকা এবং ভালো মানের ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। খেজুর মাঝারি মানের বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা এবং অপেক্ষাকৃত ভালো মানের ১০০ টাকার ওপরে।বড়দারোগারহাট বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, কম ও বেশি দামের দুই ধরনের লাচ্ছা সেমাই তাঁর দোকানে আছে। ক্রেতা যেটা চায় সেটাই বিক্রি করছেন তিনি।ভাটিয়ারী বাজারের ব্যবসায়ী সাইফুল আলম বলেন, ‘আমাদের দোষ ধরেন কেন। ক্রেতারা কম দামের সেমাই চান বলেই আমরা বিক্রি করি।’ মুরাদপুর বাংলাবাজারের ব্যবসায়ী ইদ্রিস মিয়া বলেন, ‘কোনটা আসল আর কোনটা ভেজাল তা আমরাও জানি না। বাজার থেকে কয়েক রকম সেমাই আনি। বিক্রি করি ক্রেতাদের চাহিদামতো।’ সীতাকুণ্ড উপজেলার স্বাস্থ্য পরিদর্শক জাহেরুল ইসলাম জানান, ‘ভেজাল পরীক্ষার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ইতিমধ্যে কয়েকটি বাজারে অভিযান চালানো হয়েছে। এতে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কর্মকর্তা তানভির আহমেদ বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় খাদ্যদ্রব্যে ভেজাল মেশাচ্ছে। অভিযান চালিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ ৮ আগস্ট থেকে ১৫ আগস্ট চারটি বাজারে অভিযান চালিয়ে ২০টি দোকান থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে তিনি জানান।