সেমাই-চিনির দাম বাড়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের ঈদে সেমাই-চিনির কদর বেশি। এ সুযোগটাই লুফে নেন ব্যবসায়ীরা। দাম বাড়িয়ে মুনাফা করার উপলক্ষই যেন রমজানের ঈদ। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদের আগেই বেড়ে গেছে সেমাই-চিনির দাম। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত অর্থবছরে ১৩ লাখ ৫৬ হাজার ৮৫৪ টন পরিশোধিত-অপরিশোধিত চিনি আমদানি করা হয়। দেশে উৎপাদন হয় প্রায় ৬০ হাজার টন। বন্দরে এ সপ্তাহে তিনটি জাহাজ থেকে খালাস হচ্ছে এক লাখ ১৯ হাজার টন অপরিশোধিত চিনি। এসব চিনি পরিশোধন কারখানায় শোধন করে বাজারজাত করা হয়। বছরে চিনির চাহিদা ধরা হয় প্রায় ১৪ লাখ টন। চাহিদা অনুযায়ী চিনির সরবরাহ স্বাভাবিক আছে। চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বন্দর দিয়ে গত অর্থবছরে সবচেয়ে বেশি চিনি আমদানি হয়েছে। এর আগে ২০০৮-০৯ অর্থবছরে নয় লাখ ৫৫ হাজার ৮৩৫ টন চিনি আমদানি করা হয়। পাইকারি বাজার খাতুনগঞ্জ সূত্রে জানা গেছে, রোজার আগেই চিনির সরবরাহ সংকট এবং আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার অজুহাতে অস্থির হয়ে ওঠে চিনির বাজার। গত সোমবার পাইকারি বাজারে কেজিপ্রতি চিনি বিক্রি হয় প্রায় সাড়ে ৪৪ টাকা। খুচরা বাজারে ওই চিনি বিক্রি হচ্ছে ৪৭-৪৮ টাকা। এক মাসের ব্যবধানে চিনির দাম বেড়েছে কেজিতে চার টাকা। রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী আহমেদ কবির প্রথম আলোকে বলেন, রোজার আগে দাম বাড়ার পর খুচরা বাজারে নতুন করে বাড়েনি চিনির দাম। চিনির মতো রোজার আগেই সেমাইয়ের দাম বেড়েছে বেশি। প্রতিকেজি সেমাইয়ের দাম বেড়েছে আট থেকে ১০ টাকা। বাংলা সেমাই হিসেবে পরিচিত সাধারণ মানের সেমাই এক মাস আগে খুচরায় কেজিপ্রতি বিক্রি হয়েছিল ৩২-৩৩ টাকা। কেজিতে আট টাকা বেড়ে এ সেমাই বিক্রি হচ্ছে ৪০ টাকা। পাইকারি বাজারে ৩৫ কেজির বস্তা বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ টাকা করে।একইভাবে নানা ব্রান্ডের লাচ্ছা সেমাইয়ের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। বনফুল ব্রান্ডের লাচ্ছা সেমাইয়ের কেজি বিক্রি হতো ৯৫ টাকা। দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ১০৫ টাকা।পাহাড়তলী পাইকারি বাজারের ব্যবসায়ী মো. মোজাহের আলম প্রথম আলোকে বলেন, রোজার আগেই সেমাইয়ের দাম বেড়ে গেছে। প্রতিটি কোম্পানিই দাম বাড়িয়েছে বলে তিনি জানান।