শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের গ্রুপ পর্ব শেষ হয়েছে গত শুক্রবার। শেষ দিনে কিছু দর্শকের দেখা পেয়েছে টুর্নামেন্ট। হাজার চারেক দর্শক এসেছিল। শুরু থেকে দর্শক খরায় ভুগতে থাকা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে মাঠ ভরে উঠবে—এমন আশাবাদ আয়োজকদের।
১৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্টের সেমি ফাইনালের প্রথম খেলা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, দ্বিতীয়টি পরদিন মঙ্গলবার। ফাইনাল ম্যাচ ৩ মার্চ। আগের িনর্ধারিত সময় থেকে টুর্নামেন্টের সেমি ও ফাইনাল ম্যাচ এক দিন করে পেছানো হয়েছে।
তবে টুর্নামেন্টে স্বাগতিক দল বলতে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ছাড়া আর কেউ এখন নেই। বিদায় নিয়েছে ঢাকা আবাহনী ও মোহামেডান। চট্টগ্রাম আবাহনী মঙ্গলবার দ্বিতীয় সেমিতে মাঠে নামবে। লড়বে কোরিয়ার পোচন সিটিজেন ক্লাবের সঙ্গে। তার আগে সোমবার প্রথম সেমিতে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মুখোমুখি হবে নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাব।
গ্রুপ পর্বের শেষ দিনে ঢাকা মোহামেডান আফগান ক্লাব এফসি শাহিনের বিপক্ষে দাপুটে জয় নিয়েও সেমি ফাইনালের দেখা পায়নি। বি গ্রুপে চারটি দলের মধ্যে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হয়। তিন ম্যাচ থেকে তাদের সংগ্রহ পাঁচ পয়েন্ট। অন্যদিকে নেপালের মানাং মার্সিয়াংদি ও মোহামেডানের পয়েন্ট চার। কিন্তু গোল গড় এবং মুখোমুখি লড়াইয়ে মোহামেডান সেমির টিকিট বঞ্চিত হয়। তার আগেই এ গ্রুপ থেকে ঢাকা আবাহনী বিদায় নেয়। ওই গ্রুপ থেকে সেমির টিকিট পেয়েছে মালদ্বীপের টিসি স্পোর্টস ও কোরিয়ার পোচন সিটিজেন ক্লাব।
তাই ‘হারাধনের একটি ছেলে’ চট্টগ্রাম আবাহনীই এখন দেশের প্রতিনিধিত্বকারী একমাত্র দল। গত আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর ওপর অনেক প্রত্যাশা সমর্থকদের।
সেই সঙ্গে আয়োজকেরাও আশার বেলুন ফুলিয়ে আছেন। কারণ দর্শক খরায় ভুগতে থাকা টুর্নামেন্টটিতে যদি ঘরের দলই না থাকে তাহলে সেমিতে দর্শক প্রত্যাশা কীভাবে করবেন? গ্রুপ পর্বের শেষ দিনে শুক্রবার চট্টগ্রাম আবাহনীর ম্যাচ ছিল। ওই দিন কিছু দর্শক দেখা গেছে গ্যালারিতে। একই দিন ঢাকা মোহামেডানের ম্যাচেও দর্শক ছিল। এই চিত্র আয়োজকদের আশাবাদী করছে। ওই দিনের অল্প কিছু দর্শক দেখে আয়োজক চট্টগ্রাম আবাহনীর এক কর্মকর্তা প্রেস বক্সে এসে তৃপ্তির ঢেকুর তুললেন।
টুর্নামেন্ট আয়োজক চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির সম্পাদক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন বলেন, ‘দর্শক সেমি ফাইনাল থেকে আসবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে দর্শক হয়েছে। আমরা দর্শকদের জন্য পুরস্কারের ব্যবস্থাও করেছি। সেমি ও ফাইনালে বিপুল দর্শক হওয়ার আশা রাখছি।’