বিশিষ্টজনদের শুভেচ্ছাবাণী
বাংলাদেশ ক্রিকেট দলের সেমিফাইনালে ওঠা নিয়ে বিশিষ্টজনদের বাণীর নাম করে নিজেই কিছু বাণী দিয়েছেন মো. মিকসেতু

আবুল মাল আবদুল মুহিত
ক্রিকেটারদের রান কিংবা উইকেট-প্রতি ট্যাক্স বসাইনি বলেই তাঁরা নিশ্চিন্তে খেলে সেমিতে চলে যেতে পেরেছে। সুতরাং এই জয়ে আমার অবদান অস্বীকার করার উপায় নেই। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়ন হয়ে অনেক টাকা পুরস্কার জিতে দেশের অর্থনীতিকে চাঙা করো, এটাই কামনা।

মওদুদ আহমদ
ক্রিকেটারদের মধ্যে একধরনের প্রতিবাদী ব্যাপার কি কেউ খেয়াল করেছেন? সরকার আমাকে বাড়িছাড়া করে ফুটপাতে বসিয়েছে, এর প্রতিবাদে ওরা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে ইংল্যান্ড-ছাড়া করেছে। আহা! চোখে পানি এসে গেল। অভিনন্দন হে বাংলার প্রতিবাদীরা!

মার্ক জাকারবার্গ
ফেসবুকে বাংলাদেশি সমর্থকেরা তাঁদের ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেছিলেন বলেই পরবর্তী ম্যাচে ভালো খেলে তারা সেমিতে উঠে গেছে। এখান থেকেই বোঝা যায়, ফেসবুক ছাড়া আজকের বিশ্ব কতটা অসহায়। ব্রাভো বাংলাদেশি ফেসবুকাররা। আপনাদের অভিনন্দন!

মীর জাফর
বাংলাদেশ সেমিতে গেছে, এটা যত না খুশির, তার চেয়ে বেশি খুশির খবর হচ্ছে আমার সাধের ব্রিটিশরাও সেমিতে গেছে। আহা! কী আনন্দ আকাশে-বাতাসে! আমি সাপোর্ট দিয়েছিলাম বলে বাঙালিরা আমাকে বিশ্বাসঘাতক উপাধি দিয়েছিল। অথচ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে সবাই ব্রিটিশদের সমর্থন করল! সত্যিই সেলুকাস!

লর্ড ক্লাইভ
যে দেশ বিশ্বকাপে আমাদের গ্রুপ পর্ব থেকে ভাগিয়ে দিয়েছিল, অস্ট্রেলিয়ার কাছে না হেরে সেই তাদেরকেই সেমিতে তুলে দিলাম আমরা! ঘটনা কিছুই বুঝলাম না। আমাদের পরবর্তী প্রজন্ম তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লাটে তুলছে!
ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এবার যা হতে পারে...
লেখা: সঞ্জয় সরকার

স্থাপিত হতে পারে মাশরাফি-মরগান মৈত্রী সেতু

এবারের ঈদে বাজারে বেন স্টোকস ড্রেস পেতে পারে তুমুল জনপ্রিয়তা
স্কুলে ইংরেজি বইয়ের নাম হয় English for today। সেখানে today কেটে লেখা হবে always।
আপনি কি একটি যৌথ মূলধনি ব্যবসায় আগ্রহী? আপনি কি পার্টনার-সংক্রান্ত সমস্যায় ভুগছেন? আপনি কি একটি দৃঢ়, কার্যকর পার্টনারশিপ গড়ে তুলতে ইচ্ছুক? এক পার্টনারশিপেই বাজিমাত করে দিতে চান?
তাহলে আজই যোগাযোগ করুন...
সাকিব-রিয়াদ স্ট্রং পার্টনারশিপ বিল্ডার্স কনসালট্যান্সিতে
আইসিসি সনদপ্রাপ্ত আন্তর্জাতিক মানের একটি পার্টনারশিপ বিল্ডার্স!

সাকিব-রিয়াদ স্ট্রং পার্টনারশিপ বিল্ডার্স
এক জুটিতেই বৈতরণি পার!
লেখা: শরীফ মজুমদার