সেরা ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাবা আগে চাকরির প্রয়োজনে চট্টগ্রামে থাকতেন। মাস খানেক পরপর বাবা ঢাকায় আসতেন আমাদের সঙ্গে দেখা করতে। বাবা যখন ঢাকায় আমাদের কাছে থাকতেন তখন সেই মুহূর্তগুলো খুব দামি মনে হতো। সময়টা খুব ভালো কাটত।
ঈদের আর তিন-চার দিন বাকি। কিন্তু আমার খুব মন খারাপ ছিল। কারণ, আমি জানতে পেরেছিলাম যে বাবা এবার ঈদে আমাদের সঙ্গে থাকতে পারবেন না। অফিসে কী একটা ঝামেলা হয়েছে। সেই ঝামেলা মেটাতে বাবার অফিসে থাকতে হবে। কিন্তু আমি তো বাবাকে ছাড়া ঈদ করার কথা ভাবতেই পারি না। আমি বাবাকে অনেক অনুরোধ করলাম। কিন্তু বাবা বললেন কিছুতেই থাকতে পারবেন না।
ঈদের আর দুই দিন বাকি। ঈদের শপিংও শেষ। কিন্তু আমি নতুন পোশাকগুলো খুলেও দেখছি না। কারণ, আমার মন খুব ভার।
ঈদের আগের দিন রাত ১১টা। আমি ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ দরজার ঘণ্টা বাজল। আম্মু বলল, ‘সামিরা, দেখো তো কে এসেছে?’ আমি দরজা খুললাম। দরজা খুলে আমি অবাক!! এ যে বাবা। আমি শুধু একবার বাবার দিকে তাকাই, একবার আম্মুর দিকে। জানতে পারলাম আসলে বাবা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই মিথ্যা বলেছিলেন। সেবারের ঈদটা ছিল আমার জীবনের সেরা ঈদ।