সেরা উদ্যোক্তার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজা খাতুন, প্রতিষ্ঠাতা, ডেকোর আইডি আজিজা খাতুন পড়াশোনা করেছেন দেশের বাইরে। স্বাধীনতার পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বেলজিয়ামে। নিজের দেশের কাঁচামাল ব্যবহার করে কোন কোন পণ্য বিদেশের বাজারে বিক্রি করা যায়, সব সময় ভাবতেন। বিদেশে পড়াশোনা করার সময় যখনই দেশে এসেছেন, তখনই দেশীয় পণ্য বিদেশে নিয়ে মেলায় অংশ নিতেন। ২০০২ সালে অত্যন্ত ভিন্ন ডিজাইনে ঘর সাজানোর যাবতীয় আসবাব নিয়ে ক্রেতাদের প্রয়োজনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠা করেন ডেকোর আইডি। তিনি জানান, প্রাথমিকভাবে স্বামীর অনুপ্রেরণায় ও সহায়তায় শুরু করি। ২০০২ সালে প্রায় ৫০ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ধীরে ধীরে ব্যবসার প্রসার ঘটেছে। সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও। ২০০৪ সালে ব্র্যাক ব্যাংকের এসএমই লোন নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানকে আধুনিক সাজে সাজিয়ে তোলেন। প্রত্যক্ষভাবে ডেকোর আইডিতে ১০ জনের মতো কর্মী কাজ করছে। এ ছাড়া বিভিন্ন অঞ্চলে খণ্ডকালীন প্রায় ছয় হাজার লোকের কাজের সুযোগ করেছে প্রতিষ্ঠানটি। অবদান রাখছেন দেশের অর্থনীতিতে। পণ্য বিদেশে রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা। বর্তমানে তাঁর মাসিক ক্রয়-বিক্রয় প্রায় ১২-১৩ লাখ টাকা। তৈরি করছেন ছয় হাজারেরও বেশি রকমের ঘর সাজানোর জিনিসপত্র। ভবিষ্যতে বাংলাদেশি পণ্যের আউটলেট বিদেশে প্রতিষ্ঠা করার ইচ্ছে আছে তাঁর। তিনি আশা করেন, তাঁর এ উদ্যোগ আরও শত শত বছর টিকে থেকে ক্রেতাদের চাহিদা পূরণ করবে। ২০০৯ সালে আজিজা খাতুনকে সেরা এসএমই উদ্যোক্তার পুরস্কার দিয়েছে এসএমই ফাউন্ডেশন।