উচ্চমাধ্যমিক পরীক্ষায় খাগড়াছড়ি জেলায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর জেলার নয়টি কলেজের গড় পাসের হার ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী। গত বছর এই হার ছিল ৫৬ দশমিক ৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল আটজন।জেলায় সবচেয়ে ভালো ফল করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১৪০ জন পরীক্ষা দিয়ে ১২৯ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ১৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১২ জন ও ব্যবসায় শিক্ষায় একজন। জেলার সবচেয়ে বড় কলেজ খাগড়াছড়ি সরকারি কলেজের পাসের হার সন্তোষজনক নয়। এ কলেজের ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২৬ জন পাস করেছে। পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। এবার বিজ্ঞানে তিনজন, মানবিকে একজন ও ব্যবসায় শিক্ষায় দুজনসহ মোট ছয়জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হারের দিক দিয়ে জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে মানিকছড়ি গিরি মৈত্রী কলেজ। এ কলেজের পাসের হার ৮২ দশমিক ২৫ শতাংশ। ১৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন পাস করেছে। এ কলেজ থেকে মানবিকে একজন জিপিএ-৫ পেয়েছে।এ ছাড়া দীঘিনালা ডিগ্রি কলেজের ৩৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৬৬ জন পাস করেছে। পাসের হার ৭৭ দশমিক ১ শতাংশ। মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ থেকে ৪১৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩০২ জন পাস করেছে। পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ। মহালছড়ি কলেজের ১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৮০ জন পাস করেছে, পাসের হার ৬৬ দশমিক ৬ শতাংশ। পানছড়ি কলেজের ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৩৪ জন পাস করেছে। পাসের হার ৬৫ দশমিক ৬৮ শতাংশ। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ থেকে ২৫৮ জনের মধ্যে ১২৯ জন পাস করেছে। পাসের হার ৫০ শতাংশ। রামগড় সরকারি ডিগ্রি কলেজের ২৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ১১১ জন পাস করেছে। পাসের হার ৩৭ দশমিক ৭৫ শতাংশ।