সেরা তিনে যোবায়ের

২৬ থেকে ২৮ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়ে গেল ওয়েডিং ফটোগ্রাফির ওপর এশিয়ার অন্যতম বড় সম্মেলন ও প্রতিযোগিতা ‘ডব্লিউপিপিএ অ্যানুয়াল কনফারেন্স অ্যান্ড প্রিন্ট কমপিটিশন ২০১৬’। সেখানে দর্শকসারির একদম শেষের দিকে বসেছিলেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া আলোকচিত্রীরা। মজার ব্যাপার হলো, মঞ্চ থেকে একের পর এক তাঁদেরই ডাক পড়তে লাগল! একবার-দুবার নয়, গুনে গুনে তেরোবার মালয়েশিয়ার দামানসারা পারফর্মিং আর্টস সেন্টারের মঞ্চে উচ্চারিত হলো বাংলাদেশের নাম। ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস অব এশিয়া (ডব্লিউপিপিএ) আয়োজিত এই আসরে ১৩টি পুরস্কার এসেছে বাংলাদেশের ঝুলিতে। তার মধ্যে আধা ডজন পুরস্কার একাই জিতে নিয়েছেন আলোকচিত্রী যোবায়ের হোসেন। মালয়েশিয়ার বিখ্যাত আলোকচিত্রী অ্যালেক্স ট্যান মজা করে বলেছেন, ‘তুমি বরং মঞ্চেই দাঁড়িয়ে থাকো। বারবার উঠে আসতে আসতে তো ক্লান্ত হয়ে যাবে!’
যোবায়েরসহ অন্য বাংলাদেশিদের সাফল্য বিস্মিত করছিল সমগ্র এশিয়া থেকে আসা শ-দুয়েক আলোকচিত্রীকে। তবে সবচেয়ে বড় চমক কিন্তু তখনো বাকি। পুরস্কার বিতরণী পর্বের একদম শেষে, গড় নম্বরের ভিত্তিতে প্রতিবারই ঘোষিত হয় এশিয়ার সেরা দশ ও সেরা তিন আলোকচিত্রীর নাম। এ বছর এশিয়ার সেরা তিনেও উপস্থাপকের কণ্ঠে শোনা গেল এক বাংলাদেশির নাম—যোবায়ের হোসেন! সেরা দশে জায়গা পেয়েছেন আরও একজন বাংলাদেশি আলোকচিত্রী—নাফিস ফুয়াদ।
আয়োজক দেশ মালয়েশিয়াসহ চীন, ভারত, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, কম্বোডিয়াসহ প্রায় ১২টিরও বেশি দেশ থেকে আলোকচিত্রীরা এসেছেন এই প্রতিযোগিতায়। বাংলাদেশ থেকে যোবায়ের হোসেন ও নাফিস ফুয়াদ ছাড়াও মাজহারুল ইসলাম, রিফাত সাখাওয়াত, খন্দকার নাসিফ, সাফায়েত উল্লাহ ও রাশিদুল বারী অংশ নিয়েছেন।
দেশে ফিরে আসার পর কথা হচ্ছিল এই তরুণ আলোকচিত্রীদের সঙ্গে। নাফিস ফুয়াদ বলছিলেন, ‘অনুষ্ঠানের প্রথম দিনে বিচারকেরা আমাদের সামনেই আমাদের তোলা ছবিগুলোর ইতিবাচক-নেতিবাচক দিক তুলে ধরেন।’ ওদিকে খন্দকার নাসিফ বলছিলেন দ্বিতীয় দিনের কথা। ‘সারা দিন চলল ওয়েডিং ফটোগ্রাফির ওপর সম্মেলন। সেখানে এশিয়ার বিখ্যাত ফটোগ্রাফাররা এই পেশায় তাঁদের অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।’ অনুষ্ঠানের শেষ দিনে ছিল আলোকচিত্রের ওপর কর্মশালা।
প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত কথা হলো যোবায়ের হোসেনের সঙ্গে। তিনি বলেন, ১২টি ক্যাটাগরিতে প্রায় সহস্রাধিক ছবি জমা পড়েছিল এবারের আসরে। বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন সিঙ্গাপুরের ‘মাস্টার ফটোগ্রাফার’ হিসেবে খ্যাত ম্যাথিউ ট্যান, এশিয়ার একমাত্র ‘ডব্লিউপিপিআই ডাবল মাস্টার্স’ এবং ফুজি ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফিলিপাইনের লিটো সিসহ আরও অনেকে।
এতগুলো পুরস্কার জিতে ভীষণ রোমাঞ্চিত যোবায়ের। বলছিলেন, ‘গতবারের অভিজ্ঞতা থেকেই কিছুটা আশাবাদী ছিলাম ভালো কিছু করার। বিশেষ করে, সেরা তিনে যে জায়গা পাব, সেটা আমার কল্পনায়ও ছিল না।’ কথায় কথায় জানা গেল, যোবায়েরের সাফল্যের গল্প এখানেই শেষ নয়। বিভিন্ন প্রতিযোগিতায় এই পর্যন্ত অংশ নিয়ে ২৫টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ‘ড্রিম উইভার’ নামের একটি ফটোগ্রাফি সংস্থার কর্ণধারও তিনি। ছবি তোলার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চার বছর আগে যাত্রা শুরু করা তাঁর এই প্রতিষ্ঠানে এখন প্রায় ৭০ জন কাজ করছেন।