সেরা দশের রান্নাঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতার তিন বিচারক শারমীন লাকি, তারিক আনাম খান ও ড্যানিয়েল গোমেজ
রুপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতার তিন বিচারক শারমীন লাকি, তারিক আনাম খান ও ড্যানিয়েল গোমেজ

পুরো দেশ, ১৭টি অঞ্চল আর ৩ হাজারের বেশি প্রতিযোগী। রুপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ প্রতিযোগিতার চতুর্থ আসর এবার শুরু থেকেই জমজমাট। প্রাথমিক পর্ব, লিখিত পরীক্ষা, বাছাই, গ্রুমিং পর্ব আর নিত্যনতুন চ্যালেঞ্জ—সব পেরিয়ে সুপার শেফ রান্নাঘরে পৌঁছে গেছেন সেরা ১০ প্রতিযোগী। এরই মধ্যে চলতি সপ্তাহে সেখান থেকে বাদ পড়ে গেছেন আরও দুজন। টিকে আছেন আটজন। তবে আমাদের এই প্রতিবেদন সেরা ১০ রাঁধুনিকে নিয়ে।
সেরা দশে যাঁরা আছেন, তাঁরা হলেন—রংপুরের সম্পা রহমান, কুষ্টিয়ার মাহফুজুর রহমান, ঢাকার মায়মুনা আক্তার, আসমা রূপা, নাজমুল হক, সুমনা শারমীন, বিপাশা, মাফরুহা নূসরাত খান, আয়েশা সিদ্দিকী ও চট্টগ্রামের ফারহা বারী।
একসঙ্গে নানা জায়গার প্রতিযোগী, তাই সবার অভিজ্ঞতাও অভিনব। ঢাকার প্রতিযোগী আসমা রূপা বললেন, স্বামী নাজমুল হকের ইচ্ছাতেই এখানে নাম লেখান তিনি। তবে তাঁর সঙ্গে নিবন্ধন করেছিলেন স্বামী নিজেও। এভাবেই একে একে অনেকগুলো ধাপ পেরিয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন এই দম্পতি। রান্নার প্রতি ভালোবাসা থেকে দুজনে মিলে ঢাকার বনশ্রীতে টেকেবাইট নামের একটি রেস্তোরাঁ চালু করেছেন।
রংপুরের গৃহিণী সম্পা রহমানের কাছে সুপার শেফের রান্নাঘরে ঢোকা এক ‘অসম্ভবকে সম্ভব করা।’ তিনি বলেন, ‘গত বছরও আমি এতে অংশ নিয়েছিলাম। শুরুতেই বাদ পড়ে যাই। তাই এবার ভয়টা বেশি ছিল। এখন অনেক ভালো লাগছে যে সেরা ১০ পর্যন্ত পৌঁছে গেছি। দেশি পদ ছাড়াও থাই খাবার রান্না করতে ভালোবাসি।’
ঢাকার প্রতিযোগী মায়মুনা আক্তারের মায়ের শখ নিত্যনতুন রান্নার উপকরণ কেনা। তবে মায়মুনার শখ সেসব দিয়ে রান্না করা। এই শখই তাঁকে নিয়ে এসেছে সুপার শেফ প্রতিযোগিতায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী মায়মুনা আক্তার রান্নার প্রেমে পড়েন সেই সাত বছর বয়স থেকে।
বারডেম জেনারেল হাসপাতালের চিকিৎসক মাফরুহা নূসরাত খান রান্না ভালোবাসেন মেডিকেলে পড়ার সময় থেকে। হোস্টেলের একঘেয়ে খাবার। তা ছাড়া পরীক্ষার আগে যখন সবাই পড়াশোনার চাপে বিপর্যস্ত, মাফরুহা তখন আয়েশ করে হেঁশেলে ঢুকতেন।
কুষ্টিয়ার ছেলে মাহফুজুর রহমান সেরা ১০ প্রতিযোগীর মধ্যে বয়সে সবচেয়ে ছোট। তাই সবার ভালোবাসাও পাচ্ছেন। কুষ্টিয়া সরকারি কলেজের এই শিক্ষার্থী রান্না করছেন বেশ ছোটবেলা থেকে। মাহফুজুর রহমান বলেন, ‘অনেক বছর ধরেই আমার মা অসুস্থ। তাই ছোটবেলা থেকেই বিভিন্ন সময় রান্না করতে হয়েছে আমাকে। ইউটিউব দেখে দেশ-বিদেশের রান্না শিখেছি। ভালোবাসি রান্নায় ফিউশন করতে।’

সেরা দশের প্রতিযোগীরা। ছবি: সংগৃহীত
সেরা দশের প্রতিযোগীরা। ছবি: সংগৃহীত

আরেক প্রতিযোগী ঢাকার আয়েশা সিদ্দিকী ছোটবেলা থেকেই ঘুরেছেন পৃথিবীর অনেক দেশ। তাই অনেক দেশের খাবার খেয়েছেন। পড়াশোনা করেছেন দেশে ও দেশের বাইরে। সে কারণেই রান্নার হাতটাও পাকা। দেশি খাবার ছাড়াও আয়েশা ভালোবাসেন ইতালিয়ান খাবার ও বেকিং করতে।
চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ফারহা বারী। নয় বছর বয়সে বাবার জন্য প্রথম চা বানাতে গিয়েই রান্নার প্রেমে পড়েন। সেই থেকে আজ পর্যন্ত কাছের মানুষদের জন্য রান্না করছেন নিয়মিত। সেখান থেকেই চলে এসেছেন সুপার শেফের রান্নার লড়াইয়ে।
ধানমন্ডির গৃহিণী বিপাশা স্বামী আর তিন ছেলের জন্য রান্না করতে ভালোবাসেন। তবে আজকাল কাছের মানুষদের আবদার মেটাতে ঘরেই শুরু করেছেন ক্যাটারিং সার্ভিস। এমনকি ছেলের জন্মদিনে ২৫০ জন অতিথির রান্নাও নিজের হাতেই করেছিলেন তিনি। পরিবারের উৎসহ থেকেই সুপার শেফ প্রতিযোগিতায় এসেছেন বিপাশা।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তড়িৎ প্রকৌশলী সুমনা শারমীনও আছেন সেরা দশে। ছোটবেলা থেকে টিএলসির রান্নার অনুষ্ঠান আর মাস্টার শেফের ‘পোকা’ সুমনা কখনো ভাবেননি এমন চ্যালেঞ্জ তাঁকেও নিতে হবে। যেকোনো খাবার রান্না করলে আগে বাবা-মাকে খাওয়ান। তাঁদের সনদ পেলেই বোঝেন রান্না ঠিক আছে। ‘তবে সহকর্মীদের কথাও না বললে নয়। অফিসে কোনো খাবার রান্না করে নিয়ে গেলে সবাই যখন প্রশংসা করে খুব ভালো লাগে। তাঁদের উৎসাহ পেয়েই সুপার শেফ প্রতিযোগিতায় এসেছি।’ বলছিলেন সুমনা শারমীন।
রুপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ-২০১৭ প্রতিযোগিতার এরই মধ্যে ১৬টি পর্ব প্রচার হয়ে গেছে। এনটিভিতে সপ্তাহের শনি ও রোববার রাত ৯টায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে। প্রতিযোগিতায় প্রধান তিন বিচারক হিসেবে রয়েছেন অভিনেতা তারিক আনাম খান, টিভি উপস্থাপক শারমীন লাকি, ও শেফ ড্যানিয়েল গোমেজ। এই আয়োজন নিয়ে আয়োজক বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিপণন ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ বলেন, ‘রুপচাঁদা নামটি যেহেতু আমাদের রান্নার সঙ্গে জড়িয়ে আছে, তাই রান্না নিয়ে আমাদের এই আয়োজন। দেশীয় রান্নার একটা আনুষ্ঠানিক স্বীকৃতির মঞ্চ এই সুপার শেফ প্রতিযোগিতা। বাঙালি রান্নার জৌলুশ তুলে ধরতে এটা একটা প্রচেষ্টা।’