রাতের আঁধার আর হলুদ বাতির কৃত্রিম আলোর মিশেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তখন চলছে ‘সংসদ অধিবেশন’। খাদ্যনিরাপত্তা বিষয়ে আলোচনা-পর্যালোচনা হচ্ছে সংসদে। প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয় ‘তৃতীয় বিশ্বে খাদ্যনিরাপত্তা কেবলই স্লোগান’।প্রধানমন্ত্রী, মন্ত্রী আর সরকারি দলের সদস্যদের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও হাজির সংসদে। সরকারি আর বিরোধী দলের সমান-সমান যুক্তিতে জমে উঠেছে বিতর্ক। আর সবাই খাদ্যনিরাপত্তার পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন। মুক্তমঞ্চে দর্শকসংখ্যা হাজার ছাড়িয়েছে। উপস্থিত দর্শকেরা প্রত্যেকে একটি দলকে সমর্থন করলেও যেন বিতর্কের বিষয়ের মতোই দ্বিধাবিভক্ত। সরকারি দল থেকে ভালো কোনো যুক্তি এলে যেমন তুুমুল করতালি দিচ্ছে, আবার বিরোধী দলের যুক্তির পাল্টা জবাবেও উল্লাসে ফেটে পড়ছে সবাই। দুই দলের প্রাণবন্ত বিতর্কে নিজের পছন্দের দলকে ভুলে দর্শকেরা ভালো বিতর্ককে হাততালি দিয়েছে এভাবেই।বিতার্কিকদের শাণিত বিতর্কে দর্শকদের পাশাপাশি মাঝে মাঝে বিপাকে পড়েছেন বিচারকেরাও। তবে সত্যিকার নয়, বিতর্কের ছায়া সংসদের চূড়ান্ত লড়াইয়ে সরকারি আর বিরোধী দল বেশে হাজির হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে খাদ্যনিরাপত্তাবিষয়ক আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বিতর্কে মুখোমুখি হয় দু্্ই দল। ১৫ থেকে ১৮ মার্চ ‘আমাদের পৃথিবী, আমাদের প্রয়াস, ক্ষুধামুক্ত সবুজে নিশ্চিত বসবাস’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জাডস্) এ প্রতিযোগিতার আয়োজন করে।২২টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় জিহাদ আল মেহেদী, ফাহিম ওমর ফারুক ও হাসান আল জুবায়েরের গড়া দল ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা। বিজয়ী দলের চোখে-মুখে উচ্ছ্বাস আর আনন্দ। নীরব রানারআপ ড্যাফোডিলের বিতার্কিকেরা। কিন্তু কিছুক্ষণ পরই দুই দল হাত মেলাল একে অপরের সঙ্গে। এই না হলে বিতার্কিক।ফাহিম ওমর ফারুক, হাসান আল জুবায়ের ও জিহাদ আল মেহেদী তিনজনই একসঙ্গে বিতর্ক করছেন এই প্রথম বার। ওমর ফারুক এর আগে দুবার চ্যাম্পিয়ন হলেও হাসান আর জিহাদের জন্য এ রকম শিরোপা জয় ছিল এবারই প্রথম।‘এ প্রতিযোগিতার সবচেয়ে উত্তেজনাকর দিক ছিল সেমিফাইনাল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ প্রতিযোগিতায় দুটি দল স্বোপার্জিত স্বাধীনতা ও অপরাজেয় বাংলা অংশ নিয়েছিলাম। সেমিফাইনালে গিয়ে দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ দুটি দলই একে অপরকে মোকাবিলা করছে। আমরা ৫-০ ব্যালটে অপরাজেয় বাংলাকে হারিয়ে দিই।এ প্রতিযোগিতায় টানা পাঁচ রাউন্ডেই শ্রেষ্ঠ বক্তা হয়েছেন স্বোপার্জিত স্বাধীনতা দলের জিহাদ আল মেহেদী।আর রানারআপ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা জানালেন ভেন্যু হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব সময়ই তাঁদের জন্য পয়া। জয়ন্ত ভৌমিক বলেন, ‘গত বছর এখানে একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার চ্যাম্পিয়ন না হতে পারলেও রানারআপ হয়েছি। সব মিলিয়ে জাহাঙ্গীরনগর আমাদের জন্য পয়াই বলতে হয়।’রানারআপ দল ড্যাফোডিলের হয়ে বিতর্ক করেছেন জয়ন্ত কর্মকার, জয়ন্ত ভৌমিক ও অম্লান কিশোর।ড্যাফোডিল ডিবেটিং ক্লাবের মাধ্যমে ২০১১ সালের প্রথম থেকে তিনজনের একসঙ্গে বিতর্ক করা শুরু। একসঙ্গে এক বছরের বেশি সময় পেরোনোর পর প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পাল্লাই ভারী বলে জানান জয়ন্ত কর্মকার।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় অন্যান্য আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি ছিল বক্তৃতা প্রতিযোগিতা।এ আয়োজনের পৃষ্ঠপোষক ছিল অ্যাকশান এইড বাংলাদেশ, ইউরোপীয় কমিশন, ইন্টারন্যাশনাল ফুড সিকিউরিটি নেটওয়ার্ক ও অ্যাকটিভিস্তা।