সেরা প্রিয়দর্শিনী প মে প্রু
তৃতীয় আদিবাসী মেলায় সেরা প্রিয়দর্শিনীর (সুন্দরী) মুকুট পরলেন বান্দরবানের তরুণী প মে প্রু মারমা। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে ১৪ জানুয়ারি মেলায় অংশ নেওয়া ১৯টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণীদের মধ্যে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন তিনি। দ্বিতীয় সেরা কক্সবাজারের খিন খিন নুঁ রাখাইন এবং তৃতীয় সুন্দরী রাঙামাটির মনিকা চাকমা। সেরা সুন্দরী নির্বাচনে রূপের পাশাপাশি নিজেদের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্যের বহুমাত্রিক পরিবেশনায় পারদর্শিতা প্রাধান্য পেয়েছে বলে জানান আয়োজকেরা। ওই সৈকতে হাজারো দর্শকের সামনে সেরা প্রিয়দর্শিনী প মে প্রু মারমাকে ২৫ হাজার টাকা, খিন খিন নুঁ রাখাইনকে ১৫ হাজার ও মনিকা চাকমাকে ১০ হাজার টাকা এবং স্মারক (ক্রেস্ট) ও সনদ দেওয়া হয়। পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার সুন্দরীদের পুরস্কার দেন।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ রাশেদ খান মেনন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী, পাবর্ত্য জেলা পরিষদের চেয়ারম্যান কেশৈলা চাকমা, জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। এতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, রাজশাহীসহ বিভিন্ন জেলার আদিবাসী সম্প্রদায়ের দুই শতাধিক তরুণী-তরুণী নানা পরিবেশনার মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। বেলা তিনটায় দলে দলে আদিবাসী তরুণীরা সৈকতে পা রাখেন। তাঁরা সাজুগুজু করেন। বিকেল চারটা থেকে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী তরুণীরা নাচ-গানসহ তাঁদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন। অনুষ্ঠান শেষ হয় রাত আটটায়। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল আইয়ের উপস্থাপক অপু মাহফুজ, মৌসুমী বড়ুয়া ও নওশীন।