প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করে আবার নিজেদের সেরা হিসেবে প্রমাণ করেছে। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ১৯২ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এদের মধ্যে একজন ছাড়া সবাই প্রথম বিভাগ পেয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ জানান, তাঁরা তাঁদের শিক্ষার্থীদের নিয়ে গর্ববোধ করেন। এই ফলাফল তাঁদের প্রত্যাশিত ছিল। কারণ, বরাবরই তাঁদের বিদ্যালয় ভালো করে থাকে। ২০০৯ সালেও ১৭২ জন পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এদিকে, ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ বছর জেলার সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসহ মোট ৭৪৭টি বিদ্যালয়ের ২০ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে এক হাজার ২৩৮ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। জেলায় মোট ১৮ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৯৭ দশমিক ১৭ শতাংশ। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছে আট হাজার ৩৮৯ জন, অকৃতকার্য হয়েছে ৫৬১ জন। তা ছাড়া ফেনী সদর উপজেলায় পাসের হার ৯৯ দশমিক ৬৯ শতাংশ, ফুলগাজী উপজেলায় ৯৯ দশমিক ৩১, পরশুরাম উপজেলায় ৯৭ দশমিক ৫৮, ছাগলনাইয়ায় ৯৮ দশমিক ০২, সোনাগাজী উপজেলায় ৯৪ দশমিক ৫৩ ও দাগনভূঁঞা উপজেলায় ৯২ দশমিক ৫৩ শতাংশ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলার এ ফলাফলে বেশ খুশি হয়েছেন বলে প্রথম আলোকে জানান।