সেরা বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্যালয় থেকে খাতা ও কলম না দিলে পড়ালেখা করা হতো না। অন্যদিকে স্যাররা বিদ্যালয় ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পড়িয়েছেন। এ জন্য ভালোভাবে পড়াশোনা হয়েছে।’ এভাবে ভালো ফলাফল পাওয়ার কারণ জানাল বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিম উদ্দিন, আবদুল্লাহ আল জোবায়ের, আমেনা বেগম ও রেশমা আকতার। এরা এবার ওই বিদ্যালয় থেকে মেধাতালিকায় স্থান পাওয়া আটজনের চারজন। ফলাফল পেয়ে এরাসহ অন্য শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মুখর করে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ। অভিভাবকেরাও কম খুশি হননি।এবার উপজেলার ফলাফল তালিকায় শীর্ষ স্থান পায় পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন প্রথম ও ছয়জন দ্বিতীয় বিভাগ এবং আটজন মেধাতালিকায় স্থান পেয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ বলেন, ‘শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, রাতে শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে পড়াশোনা তদারকি, বিদ্যালয় ছুটির পর একজন শিক্ষকের তদারকিতে বিশেষ পাঠদান এবং পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় আমাদের বিদ্যালয় উপজেলায় সেরা হতে পেরেছে।’প্রধান শিক্ষক জানান, স্থানীয় সমাজসেবী-ব্যবসায়ী আবুল কালাম গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ১০০ রিম কাগজ ও ১০০ ডজন কলম উপহার দেন। তা থেকে ২০ জন শিক্ষার্থী খাতা-কলম নিয়ে লেখাপড়ার বিশেষ সুবিধা পেয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম সেরা বিদ্যালয় মনোনীত হওয়ায় বিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন চৌধুরী জানান, বোয়ালখালীতে ১২৯টি বিদ্যালয়ের তিন হাজার ৭০৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাস করেছে তিন হাজার ৪১৫ জন। এর মধ্যে প্রথম বিভাগ এক হাজার ২১৫ জন, দ্বিতীয় বিভাগ এক হাজার ৫৬১ জন ও তৃতীয় বিভাগ পেয়েছে ৬৩৯ জন। গত বছরের চেয়ে পাসের হার বেড়েছে ৪ শতাংশ। ৫০টি বিদ্যালয় শতভাগ পাস করেছে।