সেরা যখন স্বেচ্ছাসেবক

১২ জানুয়ারি ২০১৫। ফিফা ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার পালা। সারা বিশ্বের কোটি কোটি ফুটবলভক্তের মতো সে রাতে আমার চোখও স্থির ছিল টিভির পর্দায়। সবার অপেক্ষা, কার হাতে উঠছে ফিফা ব্যালন ডি’অর! সেরা ফুটবলারের পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এরপর ঘোষণা এল অন্যান্য বিভাগের পুরস্কার। এ সময় অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে গেল ‘ফিফা ফেয়ার প্লে’ বিভাগে পুরস্কার পেল ২০১৪ ফিফা বিশ্বকাপের স্বেচ্ছাসেবকেরা! অবাক করা ব্যাপারই বটে! কারণ, এ বছর পুরস্কারটি কোনো দেশ, দল বা ক্লাব পায়নি। সে সময় নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কী দেখছি আমি! এটি সত্যিই আমার কাছে গৌরব করার মতো একটি ঘটনা। কারণ, আমিও যে সেই সব স্বেচ্ছাসেবকের একজন! বাংলাদেশ থেকে অংশ নেওয়া একমাত্র স্বেচ্ছাসেবক। আরও ভালো লেগেছে পুরস্কারের জন্য নাম ঘোষণার সঙ্গে সঙ্গে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়, যা বিশ্বকাপের সময় আমাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে বানানো।
ফিফার এমন সম্মানে আমার মতো অন্য দেশের স্বেচ্ছাসেবক বন্ধুরাও খুশিতে আপ্লুত। সবাই তাদের অনুভূতি জানাচ্ছে টুইটারে, ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে।