সেরা রন্ধনশিল্পী
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে যখন সবাই ঢুকলেন, তখন বলরুমের মধ্যেই চলছে যন্ত্রসংগীত। ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হলো ‘মিজান-মালয়েশিয়ান পামঅয়েল সেরা রন্ধনশিল্পী-২০১৬’-এর চূড়ান্ত অনুষ্ঠান। মোট ১৩টি পর্বের তুমুল প্রতিযোগিতা শেষে সেরা ৪৯ জন রাঁধুনির মধ্য থেকে সেরা পাঁচ প্রতিযোগীকে নিয়ে আয়োজন করা হয় গ্রান্ড ফিনালে। সেরা পাঁচে ছিলেন চট্টগ্রামের নাসরিন আকতার, ঢাকার মৌরী ইশরাত খান ও নাহিদ সুলতানা, রংপুরের দিলরুবা বেগম ও সিলেটের মাশিয়াত বিনতে লুতফুর।
আগের পর্বগুলোতে টিভি স্টুডিও সেটে নিজেদের রান্নার পরীক্ষা দিলেও এদিন রান্না করতে হয় দর্শকদের সামনে। একই রকম সবজি দিয়ে মুহূর্তের মধ্যে আলাদা রকম সালাদ বানিয়ে সবাইকে চমকে দেন সেরা পাঁচ প্রতিযোগী। ২০১৬ সালের সেরা রন্ধনশিল্পীর পুরস্কার জেতেন ঢাকার প্রতিযোগী মৌরী ইশরাত খান। প্রথম ও দ্বিতীয় রানারআপ হন যথাক্রমে দিলরুবা বেগম ও নাসরিন আকতার। প্রতিযোগিতায় নিজের রান্নায় পুষ্টির বিষয়টিকে আলাদা গুরুত্ব দেওয়ায় বিশিষ্ট পুষ্টিবিদ ও রন্ধনশিল্পী সিদ্দীকা কবিরের নামানুসারে শুরু করা ‘সিদ্দীকা কবির ট্রফি’ জিতে নেন ঢাকার নাহিদ সুলতানা।
নাম ঘোষণার পর নিজের রন্ধন প্রতিভা দেখিয়ে দেশসেরা হবেন এটা বিশ্বাসই করতে পারছিলেন না মৌরী। তিনি বললেন, ‘ছোটবেলায় দেখতাম মা অফিস থেকে কষ্ট করে এসে আবার রান্নাঘরে রান্না করতে ঢুকছেন। মায়ের কষ্ট কমাতেই প্রথম রান্নাঘরে ঢোকা। এরপর মায়ের সহায়তায় নানা রান্না শেখা শুরু।’
আয়োজকদের পক্ষে দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম জানালেন, ২০০৫ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছেন তাঁরা। এটি ছিল ১১তম আয়োজন। মালয়েশিয়ান পামঅয়েল কাউন্সিল ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ‘মিজান’ ফর্টিফাইড পাম অলিনের পৃষ্ঠপোষকতায় ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এবং টিভি চ্যানেল এটিএন বাংলা এই প্রতিযোগিতা প্রচার করেছে।