সেরা রাঁধুনি ফাতেমাতুজ জোহরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় সময় দুপুর দুইটা। জ্বলছে চুলা। ১০ জন রাঁধুনির রেসিপিতে চলছে রান্না। এভাবে কাটল কিছুক্ষণ। শেষ হলো রান্না। এবার আসল লড়াই। চিন্তার রেখা ফুটে উঠেছে বিচারকদের চোখে-মুখেও। কাকে ছেড়ে কাকে রাখবেন! স্বাদে, গুণে, মানে প্রতিটি খাবার অসাধারণ। দ্য বাংলাদেশ মনিটর-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতার চূড়ান্তপর্ব জমে উঠে রকমারি সব খাবারে। ১৬ নভেম্বর নগরের হোটেল ওয়েলপার্কে বসে এ আসর।গত শুক্রবার সকাল থেকে খাদ্য উৎসব উপলক্ষে মানুষের মেলা বসেছিল ওয়েলপার্কে। তৈরি খাবারের পাশাপাশি কয়েকটি বুটিকের স্টল মিলিয়ে ১৮টি স্টল বসেছিল উৎসবে। বিকেল থেকে শুরু হয় রন্ধন শিল্পী প্রতিযোগিতা। এতে লইট্টা-চিংড়ি ভুনা ও সিরবজা (ডেজার্ট) বানিয়ে ‘শেফ অব দ্য ইয়ার চট্টগ্রাম’ নির্বাচিত হন ফাতেমাতুজ জোহরা। বিন্নি ভাতের মোচা ও মধুভাত রেঁধে প্রথম রানারআপ হন ইছমত আরা আবেদিন। দ্বিতীয় রানারআপ হাসিনা আক্তার বানান সাত দানার খিচুড়ি ও রসে ভরা শসা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত শারথ কে ভেরাগোদা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজি ওয়াহিদুল আলম ও মালয়েশিয়ান পাম অয়েলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলম।