সেরা সাফল্য থানচি উচ্চবিদ্যালয়ের
স্বাধীনতার পর ৪০ বছরে সবচেয়ে ভালো ফল করেছে বান্দরবানের থানচি উপজেলার একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থানচি উচ্চবিদ্যালয়। ৪২ জনের মধ্যে ৩১ জন উত্তীর্ণ হয়েছে। দেশের অন্য উপজেলার জন্য এ ফল আহামরি না হলেও দুর্গম পাহাড়ি জনপদ থানচির জন্য বড় পাওয়া বলে মন্তব্য করেছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অপরদিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শতভাগ পাসের সাফল্য পেয়েছে। জেলার সর্বোচ্চ জিপিএ-৫ (১৬ জন) পেয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায়, জেলায় মোট ৩৪ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ে সাতজন, বান্দরবান সরকারি বালিকা বিদ্যালয়ে ছয়জন ও আলফারুক ইনস্টিটিউটে পাঁচজন জিপিএ-৫ পেয়েছে। কাবেরি ত্রিপুরা, মংথোয়াইমা মারমা, মংপোয়াং ও জুলিয়েট ত্রিপুরা জানায়, ‘উপজেলায় প্রথম পরীক্ষাকেন্দ্র হয়েছে আর আমরাও জীবনের প্রথম পরীক্ষা দিয়েছি। জিপিএ-৫ না পেলেও উত্তীর্ণ হয়ে হয়েছি এতেই আমরা খুশি।’ থানচি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান, ‘উপজেলায় আমাদের বিদ্যালয়ে প্রথম এসএসসি পরীক্ষাকেন্দ্র চালু হয়েছে। নানা চেষ্টার পরও বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকেরা হতাশ হয়েছিলেন। এসএসসি পরীক্ষার ফলাফল বের হওয়ার পর তাঁরা বেশ খুশি।’ তিনি আরও বলেন, ‘১০ বছর ধরে পরীক্ষাকেন্দ্র চালু করার জন্য চেষ্টা চালানো হয়েছে। এবার সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুরের চেষ্টায় পরীক্ষাকেন্দ্র চালু হয়েছে।’ জানা যায়, অনগ্রসর ও যোগাযোগবিচ্ছিন্ন থানচি উপজেলা সদরে ১৯৮৪ সালে থানচি নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। উপজেলায় একমাত্র উচ্চবিদ্যালয় হলেও এমপিওভুক্ত না হওয়ায় স্থানীয়দের অনুদানে এটি চলত। ১৯৮৯ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া বান্দরবান সফরে এলে থানচি উচ্চবিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। থানচির সাবেক চেয়ারম্যান মংথোয়াইম্যা মারমা বলেছেন, ‘থানচির মতো অনগ্রসর উপজেলার একটি বিদ্যালয়ের ৭৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে—এটা কম কথা নয়।’