সেরা হাতের চার আচার
‘মা-বোনের কাছ থেকে শিখে আচার বানানো শুরু। ছোটবেলা থেকেই রান্না করতাম। বাড়িতে অনেক আমগাছ, মা তাই অনেক আচার বানাতেন। আমার হাতের আচার খেয়ে মা প্রশংসা করতেন। শ্বশুরবাড়িতে এসে নতুন করে পেলাম আমার শাশুড়িকে, তিনিও ভালো আচার বানান। তাঁর কাছ থেকে আরও নতুন নতুন আচার বানানো শিখলাম।’ বললেন নাসিমা আক্তার। প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১০- এ বর্ষসেরা আচারের খেতাব জিতে নিয়েছেন তিনি। পেয়েছেন দুইলাখ টাকা পুরস্কার।নাসিমা আক্তার জানালেন, ‘আগে আচার বানানো হতো বাসায় খাওয়ার জন্য। যে আমার আচার খায় সেই প্রশংসা করে। ২০০৬ সালে আমার স্বামী পত্রিকায় বিজ্ঞাপন দেখে বললেন, প্রাণ-প্রথম আলো আচার প্রতিযোগিতা হবে, অংশ নেবে নাকি? সে বছর অংশ নিয়ে আমি সান্ত্বনা পুরস্কার পাই। ২০০৯ সালেও পাই সান্ত্বনা পুরস্কার। এরপর জেদ চেপে যায়। শুরু করি নতুন করে। তার ফলে এবার আমি সেরা হয়ে গেলাম। আমাকে সব দিক থেকে সহযোগিতা করেছেন আমার স্বামী। পুরস্কারের টাকা গরিব শিশুদের লেখাপড়ায় খরচ করব এবং বেড়াতে যাব পরিবার নিয়ে। আমের টক, ঝাল, মিষ্টি আচারউপকরণ: কাঁচা আম ৬০০ গ্রাম, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, ধনেবাটা ২ চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল-চামচ, গরম মসলাবাটা আধা চা-চামচ, জয়ত্রীবাটা আধা চা-চামচ, গোলমরিচবাটা আধা চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ৩ টেবিল-চামচ, চিনি ৪ টেবিল-চামচ, সিরকা ২ টেবিল-চামচ, সরিষার তেল ২ কাপ, লবণ পরিমাণমতো।প্রণালি: আম খোসা ফেলে চার টুকরো করুন। লবণ পরিমাণমতো দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ ঘণ্টা রেখে দিন। এবার আমগুলো ভালো করে ধুয়ে পানি ঝরাতে হবে। প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। বাদামি হলে আদা, রসুন, ধনে, পোস্ত, মরিচ গুঁড়া, লবণ ও সিরকা দিয়ে কষাতে হবে। এবার আম দিয়ে কষাতে হবে। ২-৩ মিনিট পর গোলমরিচবাটা, লেবুর রস ও চিনি দিন। আম সেদ্ধ হয়ে এলে জয়ত্রীবাটা দিন। নেড়ে দিন। তেল ওপরে এলে নামান। ঠান্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করুন।জলপাই, রসুন ও মরিচের ঝাল আচারউপকরণ: জলপাই ২ কাপ, কাঁচা মরিচ ১ কাপ, আস্ত রসুন ১ কাপ, জিরাবাটা আধা টেবিল-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, সরিষাবাটা ১ টেবিল-চামচ, আদাবাটা ১ চা-চামচ, পাঁচফোড়ন আস্ত ২ চা-চামচ, সরিষা আস্ত ১ চা-চামচ, গুঁড়া মরিচ ১ চা-চামচ, সিরকা আধা কাপ, সরিষার তেল ২ কাপ, চিনি ২ টেবিল-চামচ।প্রণালি: জলপাই ধুয়ে তিন টুকরো করুন। কাঁচা মরিচ বোঁটা ফেলে ধুয়ে নিন। রসুন ছিলে নিন। শুকনা কাপড় দিয়ে জলপাই ও মরিচ মুছে ফেলুন, যাতে পানি না থাকে। মরিচ সামান্য কেটে নিন। এবার জলপাই, মরিচ, রসুন একসঙ্গে নিয়ে বাটা মসলা, হলুদ, মরিচের গুঁড়া ও লবণ মাখিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে আস্ত সরিষা ও পাঁচফোড়ন দিন। ফুটে উঠলে মাখানো জলপাই ঢেলে কষাতে হবে। কিছুক্ষণ পর সিরকা ও চিনি দিয়ে আলতোভাবে নাড়ুন। তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে একটু ঠান্ডা করে বয়ামে ভরে সংরক্ষণ করুন সুস্বাদু ঝাল আচার। মাঝেমধ্যে রোদে দিন। তাহলে আচার অনেক দিন ভালো থাকবে।আপেলের মিষ্টি আচারউপকরণ: সবুজ আপেল বড় ৩টা, চিনি ৩ কাপ, সিরকা ৩ টেবিল-চামচ, শুকনা মরিচ লম্বা চিকন করে কাটা ১ টেবিল-চামচ, আদা লম্বা চিকন করে কাটা ২ টেবিল-চামচ, লবণ ১ চা-চামচ, এলাচ ২টা, পানি ১ কাপ। প্রণালি: আপেল ধুয়ে খোসা ফেলে মাঝখানে দুই টুকরো করুন। এবার পাতলা টুকরা করে লবণ-পানিতে ভিজিয়ে রাখুন ১০-১৫ মিনিট। চালনিতে ঢেলে একটু ধুয়ে পানি ঝরাতে হবে। এবার পরিষ্কার হাঁড়িতে চিনি ও ১ কাপ পানি দিয়ে চুলায় দিন। চিনি সম্পূর্ণ গলে গেলে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে সিরা ছেঁকে নিন। সিরা চুলায় দিয়ে তাতে এলাচ দিন। ফুটে এলে আপেল দিন। অল্প আঁচে জ্বাল দিন কিছুক্ষণ। এবার সিরকা দিয়ে আরও ৫-৬ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে রাখুন। পরদিন আবার চুলায় দিন। এক চিমটি লবণ, আদা ও শুকনা মরিচ কুচি দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে নাড়ুন। সিরা ঘন হয়ে এলে নামান। ঠান্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করুন। জলপাইয়ের টক আচারউপকরণ: জলপাই ১ কেজি, সরিষাবাটা দেড় টেবিল-চামচ, রসুনবাটা দেড় টেবিল-চামচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ ও মরিচ সমপরিমাণ নিয়ে বাটা ১ চা-চামচ। আদাবাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ২ চা-চামচ, সিরকা ২ টেবিল-চামচ, চিনি ১ টেবিল-চামচ, পাঁচফোড়ন টেলে গুঁড়া করা ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল দেড় কাপ। প্রণালি: জলপাই ধুয়ে গায়ে দাগ কেটে নিন। এবার সামান্য লবণ, হলুদ মেখে ১ দিন রোদে দিন। এবার হাঁড়িতে জলপাই নিয়ে একে একে বাটা ও গুঁড়া মসলা, লবণ দিয়ে মিশিয়ে নিন। এবার তেল ঢেলে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে চুলায় দিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট জ্বাল দিন। চিনি ও সিরকা দিন। পাঁচফোড়ন দিয়ে নেড়ে নামান। ঠান্ডা করে বয়ামে ভরে কড়া রোদে চার-পাঁচ দিন রাখুন। এবার সংরক্ষণ।