সেরাদের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ ও ৭ জানুয়ারি গ্রামীণফোন হাউসে যা ঘটল, তাকে এককথায় বলা যায় ‘জমকালো আয়োজন’। আয়োজনের নাম গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব। গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব সারা দেশ ঘুরে ৬ জানুয়ারি এসে থামে ঢাকার গ্রামীণফোন হাউসে। এদিন সারা দেশ থেকে নির্বাচিত ১০২ জন আই-জিনিয়াস বসেছিল ‘গ্র্যান্ড ফাইনাল’ প্রতিযোগিতার মহাপরীক্ষায়। তাই অন্যভাবে এ উৎসবকে জিনিয়াস মেলা বললেও অত্যুক্তি হয় না।তবে শুধুই পরীক্ষাতে সীমাবদ্ধ থাকেনি সেদিনের আয়োজন। দিনের শুরুতেই আই-জিনিয়াসরা জ্ঞান বিনিময়ের সুযোগ পেয়েছে মুহম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ কায়কোবাদ ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসানের সঙ্গেও। তাঁরা কঠিন কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন আই-জিনিয়াসদের উদ্দেশে। আই-জিনিয়াসরাও কম যায় না, ঠিক ঠিক উত্তর দিয়ে প্রমাণ করেছে, তারা সত্যিকার অর্থেই জিনিয়াস।প্রথম দিন দুপুরের পর জিনিয়াসদের বসতে হলো, ১০২ থেকে কে কে হবে সেরা দশ জিনিয়াস, সেই পরীক্ষায়। এক ঘণ্টা সময়সীমার মধ্যে একটি ২০০ শব্দের অনুচ্ছেদ, ১০টি ছোট প্রশ্ন এবং তিনটি টাস্কের উত্তর দিয়ে প্রতিযোগীদের আবার বসতে হলো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে ‘দলগত আলোচনার’ এক প্রতিযোগিতায়। এবং ৩০ মিনিটের এই আলোচনা প্রতিযোগিতার মধ্য দিয়েই শেষ হয় প্রথম দিনের আয়োজন।দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় বেলা তিনটায়। এ দিন ছিল মূলত সেরা দশ আই-জিনিয়াসের নাম ঘোষণা এবং সেরা ১০ থেকে একজন আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার নির্বাচন করা। সেই সঙ্গে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া।স্বাভাবিকভাবেই এ দিন মঞ্চ সেজেছিল নানা রঙে, নানা ঢঙে! উপস্থাপনায়ও ছিল চমকের পর চমক। শুরুতেই পুরো মিলনায়তন অন্ধকার করে দেওয়া হয়। তারপর অন্ধকারের ভেতর থেকে এক এক করে বেরিয়ে আসে ১০২ জন আই-জিনিয়াস। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় মঞ্চে। জ্বলে ওঠে আলোর আতশবাজি, বেজে ওঠে বাদ্য। করতালিতে করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অভিনন্দন গ্রহণ শেষে আই-জিনিয়াসরা গ্রহণ করে তাদের নির্ধারিত আসন। অতিথিদের বক্তব্যের পর শুরু হয় সেরা দশের লড়াই। যোগ্যতা ও মেধা দিয়ে সেরা দশে জায়গা করে নেয় বগুড়ার রাশিদ আবিদ, গোপালগঞ্জের চৌধুরী সাদিদ আলম, বাগেরহাটের শেখ হাসান হায়দার, পার্বতীপুরের (দিনাজপুর) লাইলাতুল আসিফ, সিরাজগঞ্জের লামীয়া কবীর, বরিশালের সাদমান রাকীন, সৈয়দপুরের (নীলফামারী) মোনতাসির হাসান, শেরপুরের মাহমুদ হাসান, মানিকগঞ্জের সুনন্দা সরকার ও পঞ্চগড়ের লামিয়া রহমান।কিন্তু কে হবে গ্র্যান্ডমাস্টার জিনিয়াস? তার জন্য এই ১০ জনকে আবার নামতে হলো অগ্নিপরীক্ষায়। কঠিন কঠিন সব প্রশ্নের উত্তর দিয়ে শেষ পর্যন্ত সেরাদের সেরা গ্র্যান্ডমাস্টার শিরোপা ছিনিয়ে নিল গোপালগঞ্জের জিনিয়াস চৌধুরী সাদিদ আলম। মুহুর্মুহু করতালিতে প্রকম্পিত হলো মিলনায়তন।