সেরাদের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজাউল ইসলামের শিক্ষাজীবন শেষ হয়নি এখনো। স্নাতক শেষ করে সবে ক্লাস শুরু করেছেন স্নাতকোত্তর পর্যায়ের। কিন্তু শিক্ষাজীবনের এটুকু পথ পাড়ি দিতে দিতেই ঝুলিতে ভরেছেন একের পর এক সাফল্য। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছিলেন শীর্ষস্থানে। অষ্টম শ্রেণীতে পেয়েছেন শিক্ষাবৃত্তি। পেয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটোতেই জিপিএ-৫। আর সর্বশেষ সাফল্যের ঝুলিতে ভরলেন অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার। পিরোজপুরে জন্ম নেওয়া এই মেধাবী পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।কথা হচ্ছিল রেজাউল, মাহবুব ও তাহমিনার সঙ্গে। ‘সিতারা পারভীন পুরস্কার পেয়ে আমি যে খুবই আনন্দিত তা না বললেও চলে। কেননা বিশ্ববিদ্যালয় জীবনের এই অর্জন অন্য যেকোনো অর্জনের চেয়ে আলাদা।’ প্রাথমিক অনুভূতি রেজাউল ইসলামের। তারপর কণ্ঠটাকে দৃঢ় করে বললেন, ‘এ অর্জনে সবাই যেমন অভিনন্দন জানিয়েছেন, তেমনি স্মরণ করিয়ে দিয়েছেন দায়িত্ব ও কর্তব্যের কথাও। তাই আমার প্রচেষ্টা থাকবে আগামীর পথচলা যেন মানুষের জন্য এবং মানুষের সাথেই হয়।’প্রায় অনুরূপ সুর শোনা গেল মাহবুবের কণ্ঠে, ‘পরিশ্রমের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে! এই পুরস্কার তো আমার পরিশ্রমেরই স্বীকৃতি। বলাই বাহুল্য, আমি অনেক আনন্দিত। তবে আনন্দের পাশাপাশি দায়িত্বটাও বেড়ে গেল অনেক। এখন আরও ভালো কিছু করতে হবে।’ যদিও মাহবুবুলের সাংবাদিকতায় পড়া অনেকটা দৈববশেই। ইচ্ছা ছিল আইন বিষয়ে পড়ার। কিন্তু আইন যখন নাগালের বাইরে চলে গেল, তখন ভাবলেন সাংবাদিকতা বিভাগে ভর্তি হওয়াই শ্রেয়। তাই ভর্তি হলেন সাংবাদিকতায় আর শুরু করলেন কোমর বেঁধে পড়ালেখা। আখেরে কিন্তু সেরা সাফল্যই বাগিয়ে নিলেন মাহবুব। ওদিকে তৃতীয় স্থান অধিকারী তাহমিনা হক কী বলেন? ‘প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর থেকেই এ বৃত্তি পাওয়ার ইচ্ছা ছিল। আর ভালো ফলাফল করে এখন তা পূর্ণ হয়েছে। কঠোর পরিশ্রমের পর ফলটা যদি আশানুরূপ হয়, তখন তো ভালো লাগবেই। তবে সামনের দিনে এই ধারা বজায় রাখতে চাই।’ভবিষ্যৎ পরিকল্পনা কী? রেজাউলের জবাব, ‘ভবিষ্যতে শিক্ষকতাকেই পেশা হিসেবে নিতে চাই আমি।’ মাহবুব বলেন, ‘আপাতত স্নাতকোত্তর শেষ করাটাই মূল ভাবনা। তবে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা আছে।’উল্লেখ্য, অধ্যাপক সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। তাঁর স্মরণে প্রতিবছর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিএসএস সম্মান চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শীর্ষ ১০ শিক্ষার্থীকে দেওয়া হয় এ পুরস্কার।এরই ধারাবাহিকতায় এ বছর রেজাউল পেলেন প্রথম পুরস্কার হিসেবে ৩১ হাজার ১৮৪ টাকা। সম্মান চূড়ান্ত পরীক্ষায় তাঁর জিপিএ ছিল ৩ দশমিক ৭০। অন্যদিকে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মাহবুবুল হক ভূঁইয়া। তাঁর জিপিএ ৩ দশমিক ৬৩। তিনি পেয়েছেন ২৯ হাজার ৩০০ টাকা। আর ৩ দশমিক ৫৭ জিপিএ নিয়ে তাহমিনা হক পেয়েছেন তৃতীয় পুরস্কার। তাঁর পুরস্কারের মূল্যমান ২৬ হাজার ৮৮২ টাকা। বাকি পুরস্কার বিজয়ী শিক্ষার্থীরা হলেন আরিফা আলম, সারা মোনামি হোসেন, সুমাইয়া সিফাত, সাবিনা ইয়াসমিন, প্রণব ভৌমিক, ফোরকান আহসান ও তারেকুজ্জামান।