সেরাদের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে ফলাফল ঘোষণার আগমুহূর্তে পিনপতন নীরবতা। ঘোষণা করা হলো দ্বিতীয় রানার্সআপ দলের নাম—ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বাকি তখন দুই দলের ফলাফল। দুটি দলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আইবিএ ও মার্কেটিং বিভাগ। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ।২৭ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে ‘ইউনিলিভার বিজমেসট্রোজ’ প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হলো। বাস্তবে ব্যবসার রোমাঞ্চকর অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০১০ সাল থেকে প্রতিযোগিতাটির আয়োজন করে আসছে ইউনিলিভার।‘মেসট্রো’ শব্দের অর্থ ‘মাস্টার’, এর ‘বিজ’ হচ্ছে ‘বিজনেস’ শব্দের প্রতীক। এই দুটি শব্দ মিলিয়েই ‘বিজমেসট্রোজ’। বিজমেসট্রোজ প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিতেই নাম নিবন্ধন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল। ১৩ সেপ্টেম্বর থেকে নির্ধারিত বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয় প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতা। এরপর প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত একটি করে মোট নয়টি দল অংশ নেয় গ্রান্ড ফিনালের এই আয়োজন। গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও মার্কেটিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়।চূড়ান্ত প্রতিযোগিতায় বিচারকদের মন জয় করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পাঁচ শিক্ষার্থীর দল ‘অ্যাডিউর অব দ্য গেম’। চ্যাম্পিয়ন হওয়া এই দলের পাঁচ শিক্ষার্থী হচ্ছেন সিবাত মাসুদ, আশফাকুর রহমান, মেহরাজ হোসেন, মোস্তফা তানভির ও ফাহাদ শাহরিন। কেমন ছিল সেরা দলটির আইডিয়া, জানতে চাইলে সিবাত মাসুদ বলেন, ‘আমরা আসলে দেখাতে চেয়েছি, অন্য পণ্যের চেয়ে আলোচিত পণ্যটি কীভাবে বাজারে সেরা হিসেবে জায়গা করে নেবে, তার কৌশল। এ জন্য আমরা টেলিভিশন বিজ্ঞাপনের অভিনব কিছু কৌশল উপস্থাপন করেছি।’ তার কথার সূত্র ধরেই মেহরাজ হোসেন যোগ করেন, ‘এ ছাড়া সংবাদপত্রের মাধ্যমে কীভাবে ব্র্যান্ডিং করা যায় বা কোন ধরনের সামাজিক কাজের মাধ্যমে পণ্যটি জনপ্রিয় হতে পারে, তা-ও বোঝাতে চেয়েছি। পণ্যটি নারীদের কাছে জনপ্রিয় করতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচারের জন্য নানা ধারণা দিয়েছি।’প্রথম রানার্সআপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দলের সদস্যরা হলেন নুসরাত শারমীন, রাশীদ হাবীব, নেয়ামাহ নজরুল ইসলাম, উপমা দত্ত ও মোশারেফা করিম। দ্বিতীয় রানার্সআপ দল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হচ্ছেন শাহিন মোহাম্মদ সামিউল হক, ইনফিতার আল সাবাহ, নাঈমা ইসলাম, তাইফ নাজিব ও আমরিন জাহান।কেন এই আয়োজন, জানতে চাইলে ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান জেরি জোস বলেন, ‘প্রতিযোগিতাটির মাধ্যমে আমরা চেয়েছি ইউনিলিভারের সঙ্গে ব্যবসায় শিক্ষার্থীদের সেতুবন্ধ গড়ে তুলতে। এটি তাদের পেশাজীবনে সফল হতে সহায়ক হবে বলে আশা করা যায়।’