প্রতিযোগিতাটা ছিল রচনা লেখার। যেখানে নিজেদের মেধার পরিচয় দিয়ে বয়সভিত্তিক দুই শাখায় বাংলা ও ইংরেজি বিভাগে চারজন প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে।তারা হলো নটর ডেম কলেজের আবদুল্লাহ হাসান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কায়সার আহমেদ, রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রোজ লি চাকমা এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সেগুফতা আমরিন আহসান। প্রতিযোগিতার নানা বিষয় সম্বন্ধে জানাল ‘বি’ গ্রুপে ইংরেজি রচনায় প্রথম নটর ডেম কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ হাসান, প্রতিযোগিতাটি আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনএফপিএ)। অনলাইনের মাধ্যমে রচনা আহ্বান করে তারা। দুটি ক্যাটাগরিতে ছিল এই প্রতিযোগিতা। যাদের বয়স ১৫-১৬, তারা ‘এ’ এবং যাদের বয়স ১৭-১৮, সেসব শিক্ষার্থী ‘বি’ গ্রুপে। প্রতিযোগিতায় মোট রচনা জমা পড়ে ৩২৫টি। সেখান থেকে বাছাই করা হয় প্রায় ১০০ জনকে। এরপর নির্বাচিত প্রতিযোগীদের ফাইনাল লড়াইয়ের জন্য ৮ নভেম্বর ডাকা হয় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে। আর এখানেই মূল লড়াইয়ের পরে ঘোষণা করা হয় সেরাদের নাম।দেশের বিভিন্ন স্থান থেকে আসা এসব শিক্ষার্থী ‘জনসংখ্যা ও উন্নয়ন’ শিরোনামে এক ঘণ্টায় রচনা লেখে। যেখানে তারা জনসংখ্যা ও উন্নয়ন প্রসঙ্গে নিজের জ্ঞানকে খাতায় তুলে ধরার চেষ্টা করে। বাংলা রচনা ‘ক’ শাখায় প্রথম হওয়া রোজ লি চাকমা বলে, ‘শুরুতেই নিজের মতো করে আমি আমার কথাগুলো গুছিয়ে লেখার চেষ্টা করেছি। প্রাথমিক নির্বাচনের পর থেকেই বাবা আমাকে নানা ধরনের তথ্য দিয়ে সাহায্য করেন। তবে ঢাকায় এসে যে প্রথম হয়ে যাব, এটা ভাবিনি। এখন আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।’ দশম শ্রেণীর শিক্ষার্থী রোজ লি ভবিষ্যতে দেশের জনসংখ্যা নিয়ে কাজ করার ইচ্ছের কথা জানায়। তার মতো একই স্বপ্ন দেখছে ভিকারুননিসার শিক্ষার্থী সেগুফতা আমরিন আহসান। সে জানায়, ‘একজন মানুষ যখন দক্ষ হয়ে গড়ে উঠবে, তখন সে আর দেশের জন্য বোঝা নয়, সম্পদ। তাই পড়াশোনা শেষ করে দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করার ইচ্ছা আছে।’এত প্রতিযোগীকে টপকে শীর্ষে উঠে আসার গোপন রহস্য উন্মোচন করল ‘বি’ গ্রুপের বাংলা বিভাগে সেরা হওয়া চট্টগ্রামের কায়সার আহমেদ। তার মতে, ‘আগে থেকেই ভাবতে থাকি, কীভাবে সবার চেয়ে আলাদা করা যায়। আর তাই আমার লেখা শুরু করেছিলাম রোকেয়া নামের একটি মেয়ের গল্প দিয়ে। যেখানে আমি রচনা লেখার পুরোনো গৎবাঁধা নিয়ম ভেঙে নতুনভাবে শুরু করি। নিজের কথাগুলো গুছিয়ে লেখার চেষ্টা করেছি। এটুকুই ব্যস!’প্রথম হওয়া এই চার প্রতিযোগীর প্রত্যেকে পুরস্কার হিসেবে পেয়েছে ২০ হাজার টাকা এবং সনদ। চার শাখায় মোট ৩২ জনকে পুরস্কৃত করা হয়।প্রতিযোগীদের অনুপ্রেরণা দিতে ইউএনএফপিএ বাংলাদেশ প্রতিনিধি আর্থার আরকানসহ সেদিন অতিথি হয়ে আসেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম, অভিনেয়শিল্পী মীম ও ইমন। সবশেষে গান পরিবেশন করেন কনা ও এসআই টুটুল।