সেরাদের সেরা নক্ষত্র
পুরস্কার বিতরণ চলছে। এই পর্ব পরিচালনার গুরু দায়িত্ব প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর কাঁধে। হঠাৎ তিনি ঘোষণা দিলেন, ‘গত ১৪ বছরে এমন দেখিনি। অভূতপূর্ব ঘটনা। এক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সব পুরস্কার পেয়েছেন একজন!’এবার মঞ্চের ডান পাশে বসা ডিজাইনারদের মধ্যে একটু উত্তেজনা দেখা গেল। উত্তেজনা আরও বাড়াতেই যেন একটু সময় নিলেন উপস্থাপক। তারপর ঘোষণা করলেন ছেলেদের ফতুয়া বিভাগে সেই একমাত্র বিজয়ীর নাম। তিনি ফ্যাশন হাউস ‘নক্ষত্র’ এর আশরাফুল আলম। পুরস্কার নিতে আশরাফুল উঠে এলেন মঞ্চে। অনুষ্ঠানের অতিথি অভিনয়শিল্পী অপি করিম ও নুরজাহান গ্রুপের উপমহাব্যবস্থাপক (বিপণন) কাজী মোতাহার হোসেনের কাছ থেকে পুরস্কার নেওয়ার আগে পথ আগলে দাঁড়ালেন বিশ্বজিৎ চৌধুরী। বললেন, ‘আপনি একাই তিনটা পুরস্কার নেবেন। একটা পুরস্কার আমাদের অতিথির কাছে থাক?’ হেসে তাতে সায় জানালেও তিনটা পুরস্কারই নিলেন আশরাফুল। এরপর মেয়েদের ফতুয়া বিভাগেও দ্বিতীয় পুরস্কার জিতে নক্ষত্র। এই পুরস্কারটি নিয়ে মঞ্চ থেকে নামতে গেলে আশরাফুলকে আবার থামান উপস্থাপক। তিনি বলেন, ‘আপনাদের কেউ পাকাপাকি মঞ্চে থাকলেই ভালো হয়।’ কারণটা বোঝা গেল একটু পর। ছেলেদের শার্ট বিভাগে প্রথম ও তৃতীয় হয় নক্ষত্র। এ ছাড়া পাঞ্জাবিতে প্রথম ও তৃতীয় এবং সালোয়ার কামিজ ক বিভাগে প্রথম হয় নক্ষত্র। সব বিভাগে পুরস্কার বিতরণ শেষ হতেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ঘোষণা করা হবে সেরাদের সেরার নাম। এবার দর্শকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন উপস্থাপক। তিনি বলেন, ‘আপনারা কি আঁচ করতে পারেন, সেরাদের সেরা কে?’ দর্শক সারি থেকে সমস্বরে জবাব আসে , ‘নক্ষত্র, নক্ষত্র’। এরপর বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সুতরাং ঘোষণা হয়ে গেছে এবারের সেরাদের সেরা- নক্ষত্র।’ মঞ্চে উঠে এলেন নক্ষত্রের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিমসহ দুই ডিজাইনার আশরাফুল আলম ও নোবেল হোসেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আশরাফুল আলম বলেন, ‘এখানে অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। প্রথমবার দুটি পুরস্কার পেয়েছিলাম। এবার সেরাদের সেরা হয়েছি।’মোহাম্মদ সেলিম বলেন, ‘২০০৮ সালে প্রথম প্রথম অংশ নিয়েছিলাম। সেবারও ফতুয়া বিভাগে পুরস্কার জিতেছি। এবার পাঁচ বিভাগে মোট নয়টি পুরস্কার জিতেছি আমরা। খুব ভালো লাগছে।’ তিনি বলেন, এবার ফতুয়া ও পাঞ্জাবিতে দেশীয় সুতি কাপড়ের ব্যবহার বেশি করেছি। পাশাপাশি গরমের কথা বিবেচনায় রেখে কলার, কাটিং ও কাজ নির্বাচন করা হয়েছে।’