বিষয়, ‘পুঁজিবাজারের পতন সময়ের দাবি’। সবার বক্তব্যের মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এগিয়ে চলল ‘জাতীয় সংসদে’র কার্যক্রম। কী? মনে প্রশ্ন জাগতে শুরু করেছে নাকি। এ আবার কোথাকার সংসদ? না! ঠিক এ রকম একটি ছায়া সংসদের দেখা মিলেছে ‘প্রথম আলো এনডিডিসি পঞ্চম ডিবেটারস লিগ’ প্রতিযোগিতার ফাইনাল বিতর্কে। যে ছায়া সংসদে সরকারি ও বিরোধী দল হিসেবে মুখোমুখি হয়েছিল নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক দল। দুদলের বিতার্কিকদের যুক্তি, পাল্টাযুক্তি আর তথ্য ও তত্ত্বের ফুলঝুরিতে দর্শকেরা যেন একটু বেশিই মুগ্ধ। তাই কিছুক্ষণ পরপরই মুহুর্মুহু করতালিতে আর উল্লাসে সেদিন বারবার প্রকম্পিত হচ্ছিল নটরডেম কলেজ মিলনায়তন। আর বিচারকের আসনে বসা মানুষদের অবস্থা তো একটু করুণই বটে। কারণ বিতর্কে বিগত তিন বছরের সাফল্য ও ধারাবাহিকতার ভিত্তিতে সারা দেশের প্রায় অর্ধশতাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সেরা ১২টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয় এ প্রতিযোগিতায়। আর এ ১২টি দলের সেরা দুটি দল যে তখন মঞ্চে। দুদলের বিতর্ক শুনে মনে হচ্ছিল যেন শিরোপা জিততে যাচ্ছে দুদলই। কেউ কারও থেকে কম নয়। তবে শেষ পর্যন্ত যুক্তির লড়াইয়ে সেরা নির্বাচিত হলো নটরডেম কলেজের তৌহিদুর রহমান, এহসানুর রহমান আর মিনহাজ-উস সালেকীনের সমন্বয়ে গড়া গোল্ড দলটি। তবে এ তিনজনের জন্য এটাই প্রথম চ্যাম্পিয়ন শিরোপা নয়। এর আগে তৌহিদুর রহমান, এহসানুর রহমান ও মিনহাজ-উস সালেকীন জিতে নিয়েছে ‘আইসিটি ডিজিটাল ফেয়ার বিতর্ক’, ‘প্রথম আলো এমজিবিএস বিতর্ক’, ‘হারমেন মেইনার সাংস্কৃতিক সপ্তাহ’, ‘ডিআইইউ জাতীয় বিতর্ক উৎসব’ শিরোপাসহ মোট ছয়টি শিরোপা। এর মধ্যে ‘আইসিটি ডিজিটাল ফেয়ার বিতর্ক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দুবার। এই তিন কৃতী বিতার্কিকের মধ্যে তৌহিদুর রহমান ও এহসানুর রহমান একসঙ্গে বিতর্ক করছে সেই ষষ্ঠ শ্রেণী থেকে। আর মিনহাজ-উস সালেকীন বিতর্কটা শুরু করেছে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায়। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা তিনজনই ছিল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। মতিঝিল আইডিয়াল থেকে এসএসসি পাসের পর তিনজনই ভর্তি হয়েছে নটরডেম কলেজে। এখান থেকেই তিনজনের একসঙ্গে শুরু হয় বিতর্ক। তিনজন এক স্কুলের ছাত্র হওয়ায় সাফল্যটা কি বেশি? এমন প্রশ্নের জবাবে এহসানের উত্তর, ‘আমরা তিনজনই একই স্কুলের হওয়ায় আমাদের মধ্যকার বোঝাপড়াটা বেশ ভালো। আর বিতর্ক কিন্তু কোনো একক কাজ নয়। বিতর্ক একটি টিম ওয়ার্ক। সেদিক থেকে দেখলে এ কারণটা আমাদের জন্য একটু বাড়তি সুবিধাই।’ কী হওয়ার স্বপ্ন দেখে তারা? এ তিন বিতার্কিকের সঙ্গে আড্ডার শেষ দিকে এ প্রশ্নটা ছুড়ে দিতেই মিনহাজের উত্তর, ‘একজন ভালো মানুষ হতে চাই। সত্যিকারের একজন ভালো মানুষ। আমরা বিতর্কের মঞ্চে যে সুন্দর সুন্দর কথা বলি, সে কথাগুলোকে মনেপ্রাণে বাস্তবে রূপ দিতে চাই।’ মিনহাজের সঙ্গে গলা মেলালেন অন্যরা।