২০০১ সালের ৫ ডিসেম্বর যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের। পরের বছরের জানুয়ারিতে বিবিএ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় দিয়ে শিক্ষাকার্যক্রম শুরু হয়। শুরুতে শিক্ষার্থী ছিলেন মাত্র ৫০ জন। কিন্তু বর্তমানে তা বেড়ে হয়েছে সাত হাজার। শিক্ষক আছেন ২২৯ জন, এর মধ্যে ৯৬ জন অতিথি শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খুরশীদুর রহমান জানান, ‘প্রতিবছরই বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা। যাঁরা মেধাতালিকায় স্থান পান তাঁদের বৃত্তি দেওয়া হয়। আবার গরিব ও মেধাবীদের জন্য দরিদ্র তহবিল থেকেও বৃত্তির ব্যবস্থা করা হয়।’প্রবর্তক মোড়ের বিশাল এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবন-২-এর গ্রন্থাগারের সামনে লেখা আছে ‘বিশ্ব সাইলেন্স’, ‘নীরবতা পালন করুন’। কিন্তু ভেতরে ঢুকে দেখা গেল দারুণ হইচই। ব্যাপার কী? জানতে চাইলে একজন বললেন, ‘অনেক দিন পর কেউ আমাদের দেখতে এসেছেন তো তাই এত সোরগোল।’ পত্রিকা থেকে আলোকচিত্রী এসেছেন শুনে আরেকজন দৌড়ে এসে বললেন, ‘পাসপোর্ট সাইজের ছবি তোলা যাবে?’ হাসির রোল পড়ে গেল। সে হাসিতে যোগ দিলেন আইনের শিক্ষার্থী শেখ তুহরা তাপসী, ঝুমকি চৌধুরী, সালেহ মো. আসিফ, দাউদ আজাদ, ইমন হাসান, মজুমদার শিশির, আরমান হাবিব, মেহেদী হাসান ও পারভেজ আহমেদ। সাইফুদ্দীন মুন্না জানালেন তাঁদের ক্যাম্পাসের বিভিন্ন ভবনের নাম। যেমন, প্রবর্তক মোড়ের মূল ভবন ‘টাইটানিক ভবন’ নামে পরিচিত। কারণ এটির ছাদ টাইটানিকের মতো। একাডেমি ভবন-২ নালন্দা ফাইভ স্টার। এটি নালার ওপর তাই নালন্দা আর কালারফুল বলে ফাইভস্টার। ‘নালন্দার জন্য আমাদের অনেক দুঃখ।’ বলেন তিনি। ভবিষ্যতের আইনজ্ঞদের মত, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে সব ব্যক্তিরই আইন জানা প্রয়োজন। কিন্তু আইনের শিক্ষার্থীরাও তো আইন ভাঙেন। প্রশ্নটার উত্তর দিলেন ঝুমকি, তাঁর মতে, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে আইন ভাঙতেই হবে।’ তাপসী: পরিবেশ-পরিস্থিতিও আইন ভাঙার জন্য দায়ী। কথায় কথায় চলে এল নারী নির্যাতন ও ইভ টিজিংয়ের বিষয়টি। ঝুমকি বললেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভদ্র ভাষায় টিজ করে।’ এর প্রতিবাদ করে উঠলেন ছেলেরা। শিশিরের কথা—‘ধরেন, কোনো মেয়ে এক পায়ে নূপুর পরে হাঁটছে। একটা ছেলে যদি গান করে—‘‘এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি...।’’ ‘তাতে এমন কী সমস্যা?’ মেয়েরাও ছেলেদের কম বিরক্ত করে না। আরমান ও মেহেদী তার উদাহরণ। মেহেদী হাসানকে সবাই ডাকেন অবলা। আর আরমানকে দেখলেই মেয়েরা বলেন, ‘হাই হিরো, কোথায় যাচ্ছ?’ বললেন ছেলেরা। আবার আইনের মারপ্যাঁচ।মক্কেলদের হয়রানি করেন আইনজীবীরা, আপনারাও তা-ই করবেন? পারভেজ বলেন, ‘একটা সময় ছিল যখন মানুষ বলত, যার নাই কোনো গতি সে করে ওকালতি। এখন সে দিন নেই। এখন বড়লোকের ছেলেরাও আইন পড়ছে। টাকার জন্য আমরা মক্কেলদের হয়রানি করব না।’আজাদ: ধনী-গরিবদের মামলায় ধনীরা জেতে, কারণ তার কাছে প্রমাণ জোগাড় করা সহজ। এতে গরিবের প্রতি অবিচার হয়। ঝুমকি: আইন অন্ধ হতে পারে কিন্তু বিচারক অন্ধ হলে হবে না, তাঁকে নিরপেক্ষ হতে হবে। আমরা এ পেশায় একটা পরিবর্তন আনব। অহেতুক হয়রানি বন্ধ করব।বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রীতিমতো স্টার। অপর্ণা নাটক ও মডেলিংয়ের পরিচিত মুখ। রেডিও টুডের কথাবন্ধু তমা, রোমানা, রনো সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে আছে ল ক্লাব, বর্তমানে সদস্য আছেন ২০০। ইন্টার সেমিস্টার ডিবেট কম্পিটিশনে ২০০৮ সালে তাঁরা রানার্স আপ ও ২০০৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল।দামপাড়ার বিবিএ অনুষদ সবার সেরা দাবি করলেন এখানকার শিক্ষার্থীরা। তবে সমস্যাও আছে এখানে এক পক্ষ মিলন কুমার ভট্টাচার্যের পুনর্বহাল চান। দ্বিতীয় বর্ষের এফ সেমিস্টরের শিক্ষার্থীরা জানালেন, দুই মাস চলে গেলেও এখনো ক্লাস শুরু হয়নি।সিঁড়িতে কথা হলো বিবিএর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে। রিতা সুলতানা ও হাবিবা ইয়াসমিন জানান, ‘এখানকার পড়ার পরিবেশ সুন্দর। এখানে মামার দোকান আছে।’আদিবা নওশীন বলেন, ‘সিএনজি স্টেশনের ওপর ক্যাম্পাস। নিচে চালকদের আনাগোনা থাকে সবসময়। এ নিয়ে আমরা বিব্রত হই।’সবাই একযোগে বললেন তাঁরা জলন্ত গ্যাসপিণ্ডের মধ্যে লেখাপড়া করেন। পড়াশোনা করে কে কী হবেন?রিতা ব্যাংকার হতে চান। হাবিবা ইয়াসমিন কিছুই হতে চান না। তাই মুন্নার খোঁচা—‘সে ভালো গৃহিণী হবে।’ কিন্তু প্রতিবাদ জানালেন হাবিবা—‘আমি যেমন আছি তেমন রব বউ হব না রে...।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, ‘ছয়টি বিষয়ে স্নাতক পড়ানোর জন্য চারটি ক্যাম্পাস আছে। বিশ্বের সব বড় বড় বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ক্যাম্পাস থাকে। এর কারণ দিন দিন শিক্ষার্থী বাড়ছে। বদ্ধ জলাশয়ের মতো একজায়গায় আটকে না রেখে শিক্ষার্থীদের ছড়িয়ে দিতে হবে।’