সেলফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

না, এই মেয়েটার জ্ঞানগম্যি আর কোনোকালেই হবে না! মৌয়ের ফেসবুক পাতায় দেওয়া নানান রকমের সেলফি দেখে বিরক্তির সঙ্গে এসব ভাবছিল রাতুল। কী সব ভঙ্গি একেকটা ছবিতে—চোখ-মুখ বাঁকিয়ে, ঠোঁট চোখা করে—যেন সার্কাসের জোকার! আর কোথায় কোথায় না সেলফি তুলে এসেছে! সমুদ্রের পাড়ে, সমুদ্রের মধ্যে, পাহাড়ের নিচে, পাহাড়ের ওপরে, গাছের গোড়ায়, গাছের মাথায়—কোথায় না উঠেছে আর নেমেছে মেয়েটা সেলফি তোলার জন্য! নিজেই নিজের এত ছবি কী করে তোলে কোনো মানুষ! এত আত্মকেন্দ্রিক কী করে হয় কেউ! ছবিগুলো দেখতে দেখতে চরম বিরক্তির সঙ্গে নিজের মনেই এসব বলে রাতুল।
আজকের এই বিরক্তির বিপরীতে মৌয়ের সঙ্গে প্রথম পরিচয়ের কথা ভেবে এখন অবাক লাগে রাতুলের। মৌকে কী ভালোই না লেগেছিল তার সেদিন। কী সুন্দর চাহনি মৌয়ের। চোখ দুটোয় যেন জীবনানন্দের কবিতার মতো অদ্ভুত বিষাদ। সেই চাহনি দেখেই তো সে গিয়ে যেচে পড়ে আলাপ করেছিল মৌয়ের সঙ্গে। এসব ছবিতে সেই চাহনির কিছু কি অবশিষ্ট আছে? নিজেকেই প্রশ্ন করে রাতুল। আবার জবাবটা নিজেই দেয়, না, নেই। বিরক্ত হয়ে মৌকে আনফ্রেন্ড করে কাগজ-কলমে কবিতার চর্চায় মন দেয় উঠতি কবি রাতুল আহমেদ।
শুধু ভার্চ্যুয়াল দুনিয়াতেই না, বরং বাস্তবের পৃথিবীতেও মৌকে এড়িয়ে চলতে থাকে রাতুল। মৌ কয়েকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে ‘দূরে গিয়া মর’ বলে সেলফি তোলায় মন দেয়। এমনি করেই দিন কাটছিল। একদিন, এবং সেদিন রোদ বোধ হয় একটু বেশিই চকচকে আর জীবন্ত লাগছিল রাতুলের কাছে। রাতুলের বন্ধু আবির তার ল্যাপটপে তাদের মরণোত্তর চক্ষুদান কর্মসূচির কিছু ছবি রাতুলকে দেখায়। এসব ছবির মধ্যে একটা ছবি দেখে চমকে ওঠে রাতুল। মৌ! মৌ তার ওই কবিতার মতো চোখ দুটো দান করে দিয়েছে! মৌয়ের মতো আত্মকেন্দ্রিক সেলফি-পাগল একজন যে এমন কোনো কাজ করতে পারে, সেটা যেন বিশ্বাসই হতে চায় না রাতুলের। মৌয়ের বিষয়ে রাতুলের কৌতূহল লক্ষ করে আবির তাকে জানায়, মৌ প্রায় সব সময়ই এসব কাজের সঙ্গে আগ্রহভরে যুক্ত থাকে।
সেই রাতেই মৌকে বন্ধুত্বের অনুরোধ পাঠায় রাতুল। দুদিন পরও মৌ সেটা গ্রহণ না করলে ইনবক্সে বার্তা পাঠায় রাতুল। জবাব আসে এবার। রাতুল শুধু জানতে চায়, মৌ ওসব উদ্ভট সেলফি ফেসবুকে দিলেও কেন ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার ছবি কখনো দেয় না?
‘হৃদয়ের কোনো সেলফি হয় না।’ ওপাশ থেকে ভেংচি কাটার ইমোর সঙ্গে মৌয়ের এই উত্তর আসে।